বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

আইসিসি বর্ষসেরা নারী টি-টোয়েন্টি দলে রুমানা

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:৫৩ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার

২০১৮ সালের শেষ দিন আজ। তাই বছর জুড়ে সেরা পারফর্মারদের নিয়ে হচ্ছে আলোচনা। এর মাঝে বর্ষসেরা নারী ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন রুমানা আহমেদ।

এবারের বর্ষসেরা টি-টোয়েন্টি দলে আছেন পাঁচ দেশের ক্রিকেটার। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়ার আছেন চারজন ক্রিকেটার। এরা হলেন- অ্যালিস হিলি, এলিসি প্যারি, অ্যাশলি গার্ডনার, মেগান স্কট। এরপর বিশ্বকাপের সেমি-ফাইনাল খেলা ভারতের আছেন তিনজন ক্রিকেটার- স্মৃতি মান্ধানা, হারমনপ্রিত কৌর এবং পুনাম যাদব। নিউজিল্যান্ডের আছেন দুইজন-সুজি বেটস ও লি ক্যাসপারেক। একজন করে আছে বাংলাদেশের ও ইংল্যান্ডের। বাংলাদেশের হলেন রুমানা আহমেদ ও ইংল্যান্ডের নাটালি শিভার।

রুমানা প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার যিনি আইসিসির বর্ষসেরা কোনো একাদশে আছেন। ডানহাতি এই লেগস্পিনার ২০১৮ সালে দারুণ কাটিয়েছেন। ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে নিয়েছেন ৩০টি উইকেট। এর মাঝে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের চার ম্যাচে ছিল চার উইকেট।

আইসিসির ঘোষিত এই দলের অধিনায়ক করা হয়েছে ভারতের হারমনপ্রিত কৌরকে। উইকেট রক্ষক হিসেবে রাখা হয়েছে অস্ট্রেলিয়ার অ্যালিস হিলিকে।

এক নজরে আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি নারী দল (ব্যাটিং ক্রম অনুসারে) –

১। স্মৃতি মান্ধানা (ভারত)

২। অ্যালিস হিলি (অস্ট্রেলিয়া) (উইকেট-রক্ষক)

৩। সুজি বেটস (নিউজিল্যান্ড)

৪। হারমনপ্রিত কৌর (ভারত) (অধিনায়ক)

৫। নাটালি শিভার (ইংল্যান্ড)

৬। এলিসি প্যারি (অস্ট্রেলিয়া)

৭। অ্যাশলি গার্ডনার (অস্ট্রেলিয়া)

৮। লি ক্যাসপারেক (নিউজিল্যান্ড)

৯। মেগান স্কট (অস্ট্রেলিয়া)

১০। রুমানা আহমেদ (বাংলাদেশ)

১১। পুনম যাদব (ভারত)