শনিবার   ১৪ মার্চ ২০২৬   ফাল্গুন ৩০ ১৪৩২   ২৫ রমজান ১৪৪৭

কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুক মার্কেজকে হত্যাচেষ্টা, আটক তিন

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:৪০ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার

কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুক মার্কেজকে হত্যাচেষ্টার অভিযোগে ভেনিজুয়েলার তিন নাগরিককে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী কার্লোস হোমস ত্রুইলো এ ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন। মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, প্রেসিডেন্টের প্রাণনাশের জন্য কয়েক মাস ধরেই সম্ভাব্য হামলার তথ্য আমরা গোয়েন্দা তদন্তের মাধ্যমে পেয়েছি।

 

তিনি বলেন, এ চক্রান্তের সঙ্গে যুক্ত ভেনিজুয়েলার অস্ত্রধারী তিন নাগরিককে আটক করা হয়েছে। যদিও আটককৃতদের সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। অন্য এক বিবৃতিতে ত্রুইলো জানান, অভ্যন্তরীণ ও বিদেশী চক্রান্তকারীরাই এ হত্যাচেষ্টার পরিকল্পনা করেছে।

কলম্বিয়া ও ভেনিজুয়েলার মধ্যে অনেকদিন ধরেই চলছে উত্তেজনা।  চলতি বছরের ১০ জানুয়ারি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো পুনরায় নির্বাচিত হলে কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুক গণতন্ত্রকামী দেশগুলোকে মাদুরোকে স্বীকৃতি না দেয়ার আহ্বান জানান।

অন্যদিকে মাদুরো জানিয়েছেন, জাইর বোলসোনারোর নেতৃত্বে ক্ষমতা গ্রহণ করতে যাওয়া ব্রাজিল সরকার, কলম্বিয়া ও যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলায় একটি অভ্যুত্থানের চেষ্টা চালাচ্ছে। যদিও ইভান দুকের সরকার বলছে, তারা ভেনিজুয়েলায় কোনো সামরিক হস্তক্ষেপ চালাবে না।