শনিবার   ১৪ মার্চ ২০২৬   ফাল্গুন ৩০ ১৪৩২   ২৫ রমজান ১৪৪৭

থার্টি ফার্স্ট নাইট উদযাপনে সবচেয়ে ব্যয়বহুল যে তিন শহর

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:৩০ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার

নতুন বছর উদযাপনে যে তিনটি গন্তব্যে হোটেল ভাড়ায় সবচেয়ে বেশি পয়সা গুনতে হবে, সেগুলো হচ্ছে মায়ামি, সিডনি ও দুবাই। চিপ হোটেল ডট ওআরজি নামে এক প্রতিষ্ঠানের জরিপে দেখা গেছে, শীর্ষ তিন গন্তব্যের কোনো হোটেলে এক রাত যাপনে ব্যয় করতে হবে যথাক্রমে ২৮১, ২৭৪ ও ২৭২ ডলার।

বিশ্বের ৫০টি শহরের হোটেল ভাড়ার ভিত্তিতে জরিপটি পরিচালনা করেছে চিপ হোটেল ডট ওআরজি। কোনো শহরের কেন্দ্রস্থলে অবস্থিত তিন তারকা ও আরো ভালো মানের হোটেলগুলো এ জরিপের অন্তর্ভুক্ত ছিল। জরিপ অনুসারে নতুন বছর উদযাপনে যারা মায়ামি সৈকতে ভ্রমণ করবেন, তাদেরকে সেখানকার কোনো হোটেলে এক রাত অবস্থান করতে ব্যয় করতে হবে ২৮১ ডলার। তিন রাত অবস্থানে ব্যয় করতে হবে ৮৪৩ ডলার।

দ্বিতীয় ও তৃতীয় স্থানে অবস্থিত সিডনি (২৭৪) ও দুবাইয়ের (২৭২) পর ব্যয়বহুল শীর্ষ ১০ গন্তব্যে থাকা মার্কিন শহরগুলোর মধ্যে রয়েছে— নিউ অরলিন্স (২৬৯ ডলার), নিউইয়র্ক সিটি (২২৪ ডলার) এবং ন্যাশভিল (২১৬ ডলার)। যুক্তরাষ্ট্রে খানিকটা কম খরচে নতুন বছর উদযাপনের গন্তব্য হতে পারে সিয়াটল ও শিকাগো, যেখানে কোনো হোটেলে এক রাত অবস্থানে ব্যয় হবে যথাক্রমে ১১৬ ও ১০৫ ডলার।

জরিপে সবচেয়ে কম খরচে গন্তব্যের তালিকার শীর্ষে রয়েছে কলম্বিয়ার রাজধানী বোগোতা। সেখানে নতুন বছর উদযাপনে রাতপ্রতি ব্যয় হবে মাত্র ২৭ ডলার। এছাড়া ৫০ ডলারেরও কম খরচে  যেসব রাজধানী শহরে রাত যাপন করা যাবে, এমন কয়েকটি শহর হচ্ছে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স, মালয়েশিয়ার কুয়ালালামপুর, কাতারের দোহা ও ভিয়েতনামের হ্যানয়।