কংগ্রেসকে ‘ললিপপ কোম্পানি’ বললেন মোদি
নিউজ ডেক্স
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৪০ এএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রোববার
কৃষকদের ঋণ মওকুফের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস— এমন অভিযোগ তুলে কংগ্রেসকে ‘ললিপপ’ কোম্পানি বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার উত্তরপ্রদেশে এক দলীয় সমাবেশে এ মন্তব্য করেন মোদি।
মোদি বলেন, ‘প্রতিশ্রুতির বদলে মানুষের হাতে ললিপপ তুলে দিয়েছে কংগ্রেস। কৃষিঋণ মওকুফের প্রতিশ্রুতি দিয়েছিলো। কিন্তু মাত্র ৮০০ জনের ঋণ মওকুফ হয়েছে। আপনি বলুন, কীভাবে এই ললিপপ কোম্পানিকে বিশ্বাস করবেন?’
এদিন মোদি বলেন, ‘আপনার ও আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে এই চৌকিদার দিন-রাত কাজ করে চলেছে। চৌকিদারের জন্যই কিছু চোরের ঘুম নেই।’
এর আগে কর্ণাটকে বিজেপি বুথ কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কর্ণাটক সরকারের ঘোষণা করা কৃষি ঋণ মওকুফ আসলে কৃষকদের সঙ্গে প্রহসন।
সদ্য তিন রাজ্যে ক্ষমতায় আসা কংগ্রেস সরকারকে নিশানা করে মোদী আরও বলেন, যে কোনও উপায়ে ক্ষমতায় আসায় একমাত্র লক্ষ্য বিপক্ষ দলগুলোর৷ আর যেনতেন প্রকারে ক্ষমতায় আসা রাজনৈতিক দলগুলো ভাবে, তারা যা খুশি তাই করতে পারে৷ কিন্তু কর্ণাটক এবং ভারতের জনগণ সব দেখেছে৷ সাধারণ মানুষ খুব শীঘ্রই ওদের শিক্ষা দেবে৷
মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিসগড়ে ক্ষমতায় এসে কৃষকদের কৃষি ঋণ মওকুফ করার আশ্বাস পূরণ করেছে কংগ্রেস। এই তিন রাজ্যেই বিজেপি হেরে গেছে। যা ২০১৯ লোকসভা নির্বাচনের আগে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে বিজেপির জন্য।
