বৃহস্পতিবার   ১৬ জুলাই ২০২৬   আষাঢ় ৩১ ১৪৩৩   ৩০ মুহররম ১৪৪৮

ইরানি পানিসীমায় ঢুকতে পারবে না মার্কিন জাহাজ

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০৮ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮ শনিবার

ইরানি পানিসীমায় মার্কিন কোনো জাহাজকে ঢুকতে দেয়া হবে না বলে জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্রটির সামরিক বাহিনীর উপপ্রধান সমন্বয়ক রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি।

দীর্ঘদিন অনুপস্থিতির পর পারস্য উপসাগরে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস জন সি স্টেইনিসের ফিরে আসা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খবর আনাদোলুর।

রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি বলেছেন, যুক্তরাষ্ট্রের যে কোনো অপতৎপরতার জবাব দিতে প্রস্তুত রয়েছে ইরান। তার দেশ কখনও মার্কিন জাহাজকে ইরানি পানিসীমায় ঢোকার অনুমতি দেবে না।

মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস জন সি স্টেইনিস গত শুক্রবার পারস্য উপসাগরে পৌঁছে।

ইরানের এ সামরিক কর্মকর্তা বলেন, মার্কিন যুদ্ধজাহাজ ইরানের কাছে গুরুত্বহীন। এসব জাহাজ আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিতে পারবে না। কারণ আমরা অনেক বেশি প্রস্তুত।

হাবিবুল্লাহ সাইয়্যারি আরও বলেন, ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়ার সাহসই যুক্তরাষ্ট্রের নেই।