৫৫ দেশকে ভিসামুক্ত ঘোষণা করতে যাচ্ছে পাকিস্তান
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:৩৬ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮ শনিবার
পর্যবেক্ষক বাড়াতে অধিকাংশ ইউরোপীয় দেশসহ ৫৫টি দেশের ওপর থেকে ভিসার কড়াকড়ি শিথিল করতে যাচ্ছে পাকিস্তান।
যুক্তরাষ্ট্রের ৯/১১ হামলার পর জঙ্গি সহিংসতায় বিপর্যন্ত দেশটি নিজেদের অর্থনীতি চাঙ্গা করতে এমন উদ্যোগ নিয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে পাকস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, আমরা ভিসা নীতি পর্যালোচনা করছি। অন্তত ৫৫টি দেশকে আমরা ভিসামুক্ত অঞ্চল বলে ঘোষণা করতে চাচ্ছি। এর ভেতর অধিকাংশ ইউরোপীয় দেশ রয়েছে।
ভ্রমণের জন্য চলতি মাসে পাকিস্তানকে নিরাপদ দেশে হিসেবে ঘোষণা দিয়েছে পর্তুগাল। দক্ষিণ এশীয় দেশটিতে সফরে নাগরিকদের প্রতি সতর্কতাও কমিয়ে এনেছে ফ্রান্স।
পাক তথ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে সফরে সতর্কতায় পরিবর্তন আসায় আমরা স্বস্তি বোধ করছি।
পাকিস্তানকে একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করার ঘোষণা দিয়েছিলেন নতুন প্রধানমন্ত্রী ইমরান খান। তার এই ঘোষণার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে দেশটিতে ভিসানীতি সহজ করা।
এতে পাকিস্তানে পর্যটকদের সংখ্যা বাড়বে বলে আশা নতুন সরকারের। দেশটিতে অধিকাংশ ভ্রমণকারীদের অভিযোগ, এটির ভিসা প্রক্রিয়া খুবই কঠিন।
তাদের কষ্টসাধ্য ভিসা প্রক্রিয়ায় সম্প্রতি ব্রাজিল ও পর্তুগালের সাবেক খেলোয়াড় কাকা এবং লুইস ফিগোর ভিসা প্রত্যাখ্যান করা হয়েছিল।
ফাওয়াদ চৌধুরী বলেন, আমরা কাকা ও ফিগোর ভিসা প্রত্যাখ্যান করেছি। আপনি এমনটা বিশ্বাস করতে পারেন? আমি সেকশন কর্মকর্তাকে ফোন দিয়েছিলাম। কিন্তু তিনি কোনোভাবেই কাকার কথা শোনেননি।
