বঞ্চনাই ছিল বাংলাদেশ সৃষ্টির প্রধান কারণ
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:০৯ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮ শনিবার
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, দেশে সংখ্যালঘুরা যাতে নিরাপত্তা সুরক্ষা অনুভব করে এবং নতুন পাকিস্তানে তারা যাতে সমান অধিকার পায় তার সরকার তা নিশ্চিত করবে।
তিনি বলেন, কীভাবে সংখ্যালঘুদের সঙ্গে ব্যবহার করতে হয়, তা আমরা ভারতের মোদি সরকারকে দেখিয়ে দেব। তিনি বলেন, পূর্ববাংলার জনগণকে তাদের অধিকার দেয়া হয়নি। বাংলাদেশ সৃষ্টির পেছনে এটাই ছিল প্রধান কারণ। শনিবার লাহোরে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রোববার বার্তা সংস্থা পিটিআই এ তথ্য জানায়।
ভারতে গোহত্যা নিয়ে সহিংসতার পরিপ্রেক্ষিতে দেশটির প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহর একটি মন্তব্য থেকে সৃষ্ট বিতর্কের জেরে ইমরান খান সংখ্যালঘুদের অধিকার প্রসঙ্গে এ কথা বলেন। চলতি মাসের শুরুর দিকে ভারতের উত্তরপ্রদেশের বুলান্দশার জেলায় কথিত গোহত্যা নিয়ে সহিংস ঘটনা ঘটে। এতে পুলিশসহ দু’জন নিহত হন। এ ঘটনা নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েন নাসিরুদ্দিন শাহ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতে একজন পুলিশ কর্মকর্তার মৃত্যুর চেয়ে একটি গরুর মৃত্যু বেশি গুরুত্ব পায়।
পাঞ্জাব সরকারের ১০০ দিনের অর্জন উপলক্ষে লাহোরে আয়োজিত এক অনুষ্ঠানে ইমরান আরও বলেন, পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে তার সরকার পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, দুর্বলরা যদি যথাযথ আচরণ না পায়, তাহলে তা অভ্যুত্থানে রূপ নেবে। এ প্রসঙ্গে পূর্ব পাকিস্তানের উদাহরণ টেনে তিনি বলেন, পূর্ববাংলার (পূর্ব পাকিস্তান) জনগণকে তাদের অধিকার দেয়া হয়নি। বাংলাদেশ সৃষ্টির পেছনে এটাই ছিল প্রধান কারণ।
