‘গুলি করে নির্মমভাবে হত্যা করবেন’
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:২৬ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮ শনিবার
নিজ দলের স্থানীয় নেতাকে হত্যার প্রতিশোধ নিতে কাউকে নির্মমভাবে হত্যার নির্দেশ দিয়ে ভারতের কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী বিতর্কের ঝড় তুলেছেন।
টেলিফোন আলাপে শোনা যায়, জনতা দল সেকিউলার বা জেডিএসের এক নেতাকে হত্যার প্রতিশোধ নিতে সম্ভবত পুলিশের কোনো বড় কর্মকর্তাকে নির্দেশ দিয়ে তিনি বলেন, খুনিকে নির্মমভাবে হত্যা করবেন।
তিনি বলেন, তিনি (এইচ প্রকাশ) একজন ভালো মানুষ ছিলেন। আমি জানি না কে তাকে এভাবে হত্যা করেছে। যে-ই তাকে হত্যা করুক না কেন, তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করুন। এতে কোনো সমস্যা হবে না।
মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী তার এ মন্তব্যকে আবেগময় প্রতিক্রিয়া হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, এটি আমার কোনো নির্দেশ ছিল না। তখন আমার মধ্যে প্রচণ্ড আবেগ ভর করেছিল।
‘এইচ প্রকাশকে হত্যাকারী দুটি মামলায় কারাগারে ছিল। দুদিন আগে জামিনে ছাড়া পেয়ে আরেকজনকে হত্যা করেছে সে। এভাবেই তারা জামিনের সুযোগকে অপব্যবহার করছে।’
মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠজনরা বলেন, প্রকাশের হত্যার খবর শুনে তিনি খুবই ব্যথিত হয়েছিলেন। এটি ছিল আবেগের বহিঃপ্রকাশ।
দক্ষিণ কর্নাটকে মান্দায় সোমবার বিকালে চার ব্যক্তি মিলে এইচ প্রকাশকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।
মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, এইচ প্রকাশ জেডিএসের অনুগত কর্মী ছিলেন। তাকে হত্যায় দায়ীদের গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে।
