মায়ের লাশ আগলে রাখা সেই যুবকের চিকিৎসা শুরু
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:১৭ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮ শনিবার
ভারতের পশ্চিমবঙ্গের সল্টলেকের একটি বাড়িতে মারা যান এক বৃদ্ধা। অনেক দিন তার লাশ আগলে বসেছিলেন ছেলে ৩৫ বছর বয়সের যুবক। তিনি কাউকে তার মায়ের মৃত্যুর খবর দেননি। পরে পচা দুর্গন্ধ পাওয়ার পর এলাকার বাসিন্দারাই খবর দেন পুলিশকে। পুলিশ এসে ওই বাড়ির ভেতর থেকে উদ্ধার করে যুবকের মায়ের লাশ।
যুবকটির মা কৃষ্ণা ভট্টাচার্য বয়সজনিত কারণে মারা যান। বিষয়টি মেনে নিতে পারেনি ওই যুবক। এ জন্য তিনি কাউকে বিষয়টি জানাননি।
যুবকটির নাম মৈত্রেয় ভট্টাচার্য। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে পুলিশ। তাকে হাসপাতালে পাঠিয়েছে দেশটির পুলিশ।
মা কৃষ্ণা ভট্টাচার্যের দেহের ময়নাতদন্তের রিপোর্টে জানা গেছে তার মৃত্যু 'অস্বাভাবিক' নয়। এ সিদ্ধান্ত আসার পরে, যুবককে মানসিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় পুলিশ।
পুলিশ তদন্ত করে তার সম্পর্কে তথ্য সংগ্রহ করছে। মৈত্রেয়র চিকিৎসার জন্য তার অতীতটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন চিকিৎসকরা। তাকে সুস্থ করার পরেই তার হাতে কৃষ্ণাদেবীর লাশ দাহ করার জন্য তুলে দেয়া হবে বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, তাদের হেফাজতে থাকার সময় মৈত্রেয়র মা কৃষ্ণা ভট্টাচার্য এবং বাবা ড. গোরাচাঁদ ভট্টাচার্যের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমার বাবা প্রেসিডেন্ট জর্জ বুশ আর মা রানি এলিজাবেথ। থানায় তাকে ভাত আর মুরগির মাংস খেতে দেয়া হলে তিনি চিকেন কাটলেট আর স্যান্ডউইচ খেতে চান।
