মঙ্গলবার   ০৭ জুলাই ২০২৬   আষাঢ় ২৩ ১৪৩৩   ২১ মুহররম ১৪৪৮

সংসদে বিতর্ক, এমপি পুত্রকে দুধ খাওয়াচ্ছেন স্পিকার!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:২০ এএম, ২৩ আগস্ট ২০১৯ শুক্রবার

সংসদে পক্ষে-বিপক্ষে তুমুল বিতর্ক লেগেই আছে। সব পক্ষকে সামাল দিতে স্পিকারের নাজেহাল অবস্থা! এরই মধ্যে তিনি আরো একটি কাজ বেশ মমতা দিয়েই করছেন। এক এমপির শিশুপুত্রকে পরম যত্নে বোতলে করে খাওয়াচ্ছেন দুধ।

অবাক করা এ কাণ্ডটি নিউজিল্যান্ডের ঘটেছে। বেবিসিটারের ভূমিকায় অবতীর্ণ হওয়া স্পিকার ট্রেভর মালার্ড হাউজ অব রিপ্রেজেন্টেটিভে এমপি টামাটি কফির শিশুকে দুধ খাওয়ান। 

পরে স্পিকার মালার্ড সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। মুহুর্তেই তা ভাইরাল হয়ে যায়। ছবির ক্যাপশনে রসিকতা করে তিনি লিখেছেন, সাধারণত স্পিকারের চেয়ার অফিসারদের নেতৃত্ব দিতে ব্যবহৃত হয়। আজ এক ভিআইপি এই চেয়ারে আমার সঙ্গে রয়েছে। পরিবারের নতুন সদস্যের জন্য অভিনন্দন টামাটি কফি এবং টিমকে।

 

এমপি কফি গেল জুলাইয়ে পুত্রসন্তান জন্মের খবর জানিয়েছিলেন। পিতৃত্বকালীন ছুটি শেষ করে গেল বুধবার যোগ দেন সংসদে। সঙ্গে তার দুধের শিশুকে নিয়ে যান।

এদিকে স্পিকারের পোস্ট করা সেই ছবিতে অনেকেই মন্তব্য ও শেয়ার করেছেন। মেয়েদের পাশাপাশি পুরুষরাও যে শিশুদের খেয়াল রাখতে পারে, এই ছবি তাই প্রমাণ করেছে বলে অনেকে মত দিয়েছেন।