মুক্ত বাণিজ্য প্রসারে কাজ করবে জাপান
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:২০ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
বিশ্ব অর্থনীতিতে মুক্ত ও ন্যায্য বাণিজ্য যেন সচল থাকে, সেজন্য কাজ করে যাবে জাপান। গতকাল জাপান সরকারের প্রধান মুখপাত্র ইউশিহিদে সুগা এ মন্তব্য করেন। খবর রয়টার্স।
জাপানের টিভি চ্যানেল বিএস ইলেভেনে সম্প্রচারিত এক অনুষ্ঠানে জাপান সরকারের এ মুখ্য সচিব বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় নিজেদের অবস্থান স্পষ্ট করতে প্রস্তুত জাপান।
তিনি সতর্ক করে বলেন, যদি সব দেশ কেবল নিজেদের স্বার্থ দেখে, তাহলে আন্তর্জাতিক বাণিজ্যনীতি লঙ্ঘন হবে। তিনি বলেন, ‘আমি জানি নিজেদের স্বার্থ দেখা কোনো দেশের জন্য স্বাভাবিক ব্যাপার। তবে মুক্ত ও ন্যায্য বাণিজ্যের রীতিনীতি সম্মান করা উচিত সব দেশগুলোকে।’
এক্ষেত্রে জাপানের অবস্থান কী, সে বিষয়ে সুগা বলেন, ‘আমাদের অবস্থান হচ্ছে বিশ্ব অর্থনীতিতে মুক্ত বাণিজ্যনীতির প্রসার ঘটানো।’
গত শুক্রবার জাপানের সঙ্গে বাণিজ্য আলোচনার পরিকল্পনা ঘোষণা করেছে হোয়াইট হাউজ। জাপানের সঙ্গে ৬ হাজার ৯০০ কোটি ডলার বাণিজ্য ঘাটতি নিরসনে চাপ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজের বিবৃতিতে জাপানের বাজারে মার্কিন শিল্প পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার এবং কৃষিজাত পণ্যে শুল্ক প্রত্যাহার বা হ্রাস করার দাবি জানানো হয়েছে।
