চলতি ছুটির মৌসুমে রেকর্ড বিক্রি অ্যামাজনের
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:০১ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
ব্যাপক কেনাকাটায় এবার ‘রেকর্ড ভাঙা ছুটির মৌসুম’ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। এছাড়া ফির বিনিময়ে সেবা বা পরীক্ষামূলক ভিত্তিতে বিপুলসংখ্যক মানুষ অ্যামাজনের প্রিমিয়াম সদস্য হয়েছে। খবর সিনহুয়া।
বিশ্বের অন্যতম শীর্ষ ই-কমার্স কোম্পানিটি জানিয়েছে, চলতি ছুটির মৌসুমে প্রধান সদস্যপদের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। প্রাইম সদস্যদের জন্য একই দিনে, একদিন পর বা দুদিনের মধ্যে বিনা মূল্যে পণ্য সরবরাহের সুবিধাসহ ২ ঘন্টার মধ্যে সরবরাহের সুবিধা দিচ্ছে।
অ্যামাজনের ওয়ার্ল্ডওয়াইড কনজিউমারের সিইও জেফ উইল্ক বলেন, এবারের ছুটিতে কেবল যুক্তরাষ্ট্রেই ১০০ কোটির বেশি আইটেম সরবরাহ ফি ছাড়াই প্রেরণ করা হয়েছে। অ্যামাজন জানিয়েছে, সারা বিশ্বের গ্রাহকরা প্রতিটি বিভাগ থেকে রেকর্ড পরিমাণ পণ্য নির্বাচন করেছে। এছাড়া গত বছরের তুলনায় চলতি ছুটির মৌসুমে গ্রাহকরা অ্যামাজনের লাখ লাখ পণ্য কিনেছে। যার মধ্যে সম্পূর্ণ নতুন ইকো ডট, অ্যালেক্সা ভয়েস রিমোটসহ ফায়ার টিভি এবং অ্যামাজন ইকো স্মার্ট স্পিকার রয়েছে।
