বুধবার   ১৫ জুলাই ২০২৬   আষাঢ় ৩০ ১৪৩৩   ২৯ মুহররম ১৪৪৮

‘দেবদাস’ চিরকাল বেঁচে থাকার মতো গান: আসিফ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:১২ পিএম, ৭ আগস্ট ২০১৯ বুধবার

আসিফ আকবরের গান মানেই যেন আলাদা চমক! প্রতিটা নতুন গানের ভিডিওতেই আসিফ আকবর নিজেকে ভেঙেছেন, গড়েছেন। হাজির হয়েছেন আলাদা আলাদা রূপে। এবারের  ঈদুল আজহায় ডিএমএস’র ব্যানারে নতুন গান নিয়ে হাজির হয়েছেন বাংলা গানের এ যুবরাজ। ‘দেবদাস’ শিরোনামের এই গানটি লিখেছেন রাজিব আহমেদ। সুর ও সঙ্গীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। 

ফেসবুকে আসিফ আকবর ‘দেবদাস’ গানের শুটিং স্পট থেকে একটি ছবি পোস্ট করেছেন। তার গেটাপ দেখে অনেকে হয়তো গুলিয়ে ফেলছেন, এটাকি তাহলে শরৎচন্দ্রের বিখ্যাত চরিত্র দেবদাসের আদলে নির্মিত কোনো মিউজিক ভিডিও? মোটেও না। গানের শিরোনাম ‘দেবদাস’। এই গানে যুবরাজ তার প্রিয়াকে এমনভাবে ভালোবাসতে বলেছেন, যা দেখে দেবদাস অবাক হবে, হাসবে। 

গানের ভিডিওতে চরিত্রের প্রয়োজনে দুই/একটি দৃশ্যে অনেকটা ‘দেবদাস’ এর আদলে গেটাপ নিয়েছেন আসিফ আকবর। এমনটাই জানালেন, নির্মাতা চন্দন রায় চৌধুরী। এই গানের ভিডিওতে আসিফ  আকবরের সঙ্গে দেখা যাবে নাফিসা কামাল ঝুমুরকেও।
 
আসিফ আকবর জানালেন, ‘দেবদাস’ প্রেমের আবেদনময়ী গান। কিছু গান বেঁচে থাকে চিরকাল, ‘দেবদাস’ চিরকাল বেঁচে থাকার মতো একটি গান। গানের ভিডিওতে একাধিক গেটাপে হাজির হয়েছি, যা আসিফিয়ানদের ভালো লাগবে। 

 

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়,  ঈদুল আজহার বিশেষ আয়োজনে আগামী ১০ আগস্ট তাদের ইউটিউবে প্রকাশ হবে ‘দেবদাস’ গানের ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।