রোববার   ১৫ মার্চ ২০২৬   ফাল্গুন ৩০ ১৪৩২   ২৬ রমজান ১৪৪৭

বিতরণ ব্যবসা জোরদারে নতুন কোম্পানি গঠন সৌদি আরামকোর

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:৫৮ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

সৌদি আরবে অভ্যন্তরীণ খুচরা জ্বালানি স্টেশনের নেটওয়ার্ক সম্প্রসারণে একটি পূর্ণ মালিকানাধীন অঙ্গপ্রতিষ্ঠান গঠনের ঘোষণা দিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো। এর মাধ্যমে মোটরযানে জ্বালানি সরবরাহ ব্যবসা শক্তিশালী করে তোলার লক্ষ্যের কথা জানিয়েছে সৌদি আরবের বৃহত্তম তেল কোম্পানিটি। খবর সিনহুয়া।

নবগঠিত সৌদি আরামকো রিটেইল কোম্পানি (রিটেইলকো) মোটরযান জ্বালানি খাতে কার্যক্রম বৃদ্ধি করবে। কোম্পানিটি খুচরা জ্বালানি খাতের মানোন্নয়নে অভ্যন্তরীণ খুচরা জ্বালানি স্টেশনগুলোর একটি প্রিমিয়াম নেটওয়ার্ক তৈরি করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে গ্রাহকদের উন্নত সেবা প্রদান করবে রিটেইলকো।

এক বিবৃতিতে আরামকোর ডাউনস্ট্রিম (বণ্টন) বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট আবদুলাজিজ আল-জুদাইমি বলেন, ডাউনস্ট্রিম মূল্যশৃঙ্খলের ভোক্তাকেন্দ্রিক অংশে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে নবগঠিত কোম্পানিটি আমাদের ব্যবসায়িক মডেল ও অবস্থানকে ঊর্ধ্বে তুলে ধরবে।

আল-জুদাইমি আরো বলেন, দীর্ঘমেয়াদি টেকসই ব্যবসা নিশ্চিত করার লক্ষ্যে একটি গ্রাহককেন্দ্রিক সংস্কৃতি চালু এবং প্রিমিয়াম জ্বালানি ও সেবার সম্মিলনের মাধ্যমে রিটেইলকো গ্রাহকদের প্রত্যাশা ছাপিয়ে যেতে প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাওয়া হবে।

নতুন অঙ্গপ্রতিষ্ঠান গঠনের ঘোষণা দিলেও এর আকার, ব্যয় বা নেটওয়ার্কের বিস্তৃতি সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেয়নি আরামকো।