একাকী এন্টার্কটিকা পাড়ি দিলেন মার্কিন অভিযাত্রী
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:২১ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে কোন সাহায্য না নিয়ে এন্টার্কটিকা মহাদেশ অতিক্রম করেছেন মার্কিন অভিযাত্রী কলিন ও’ব্র্যাডি। পায়ে হেঁটে ৫৪ দিনে বরফে ঢাকা এই মহাদেশের দেড় হাজার কিলোমিটার অতিক্রম করেন তিনি। এ সময় বাইরের কোনো সাহায্য নেননি ও’ব্র্যাডি। শুধুমাত্র নিজের জিনিসপত্র বহনের জন্য একটি স্লেজ ছিল তার সাথে। ও’ব্র্যাডির এ কৃতিত্বকে ১৯১১ সালে এন্টার্কটিকা জয় করা প্রথম মানব রোনাল্ড আমুন্ডসেনের সাথে তুলনা করেছে নিউইয়র্ক টাইমস।
গতকাল এক ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘প্রথম মানুষ হিসেবে কোনরকম সাহায্য ছাড়াই এন্টার্কটিকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার লক্ষ্য আমি পূরণ করেছি।’ দীর্ঘ এ পথের শেষ ১২৪ কিলোমিটার একটানা ৩২ ঘণ্টা হেঁটে অতিক্রম করেন তিনি।
রস আইস শেল্ফের শেষপ্রান্তে দাঁড়িয়ে তোলা ঐ ছবিতে ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘পথের শেষ ৩২ ঘণ্টা ছিল সবচেয়ে কঠিন। তবে সত্যি বলতে এ সময়টাতে আমি জীবনের সেরা কিছু মুহুর্ত কাটিয়েছি।’ পুরো রাস্তায় যদিও কোন সাহায্য ও’ব্র্যাডি নেননি তবে জিপিএসের মাধ্যমে তাকে মনিটর করা হচ্ছিল। যাত্রাপথের প্রতিটি খবর নিজের ব্যক্তিগত ওয়েবসাইটে জানাতেন তিনি।
গত মাসের তিন তারিখ ও’ব্র্যাডি এবং ব্রিটিশ সেনা ক্যাপ্টেন লুইস রাড এন্টার্কটিকার ইউনিয়ন গ্লেসিয়ার এলাকা থেকে একা এই মহাদেশ পাড়ি দেয়ার মিশনে যাত্রা শুরু করেন। ও’ব্র্যাডি পৌঁছে গেলেও রাড গন্তব্যস্থল থেকে এখনো এক বা দুদিনের দূরত্বে আছেন।
এর আগে যারাই একাকী এন্টার্কটিকা অতিক্রম করেছে তাদের কোন না কোন ভাবে বাইরে থেকে সাহায্য দেয়া হয়েছিল। ১৯৯৬-৯৭ সালে নরওয়ের বোর্জ ওউসল্যাণ্ড সর্বপ্রথম একা এ মহাদেশ অতিক্রম করেন। তবে বাতাসের সাহয্যে নিতে ঘুড়ির ব্যবহার করছিলেন তিনি।
