সাত বছর পর সিরিয়ায় দূতাবাস চালু করছে ইউএই
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:২০ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
সাত বছর পর যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্কে পুনরায় দূতাবাস খুলতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। গতকাল দেশটি এ তথ্য জানিয়েছে। খবর এপি।
গতকাল মধ্য দামেস্কে অবস্থিত দূতাবাসে সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হলেও তথ্য মন্ত্রণালয় ইউএইর দূতাবাস পুনরায় খোলা সংক্রান্ত আর কোনো তথ্য প্রদান করেনি।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হওয়ার পর ২০১১ সালে সিরিয়া থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয় ইউএই। তবে ইউএইতে সিরীয় দূতাবাস খোলাই রাখা হয়।
১৬ ডিসেম্বর সুদানের প্রেসিডেন্ট ওমর বাশিরের দামেস্ক সফরের পর ইউএইর দূতাবাস পুনরায় চালুর ঘোষণা দেয়া হলো। সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর আরব দেশগুলোর প্রধানের মধ্যে ওমর বাশিরই প্রথম দেশটিতে সফর করলেন।
উল্লেখ্য, গৃহযুদ্ধ শুরুর পর ২০১১ সালে ২২ সদস্যের আরব লীগ থেকে সিরিয়াকে বহিষ্কার করা হয়। বিরোধী দলগুলোর ওপর সামরিক শক্তি ব্যবহারের জন্য নিন্দার পাশাপাশি দামেস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আরব দেশগুলো।
