ভারতের কোচি নৌঘাঁটিতে দুর্ঘটনায় নৌবাহিনীর ২ সদস্য নিহত
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:১৭ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
ভারতের কোচিতে সাউদার্ন নেভাল কমান্ড স্টেশনে এক দুর্ঘটনায় নৌবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। নৌ-বিমান স্টেশন আইএনএস গারুদায় একটি হেলিকপ্টার হ্যাঙ্গারের দরজা খুলে পড়লে নেভাল এভিয়েশন ইলেকট্রিক্যাল শাখার দুই জ্যেষ্ঠ নাবিক প্রাণ হারান। গতকাল সকালে তাদের ওপর দরজাটি খুলে পড়ে। খবর দ্য হিন্দু।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্ঘটনার পর নবীন (২৮) ও অজিত সিংকে (২৯) নৌ-হাসপাতাল আইএনএইচএস সঞ্জীবনীতে দ্রুত নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তাদের মৃত ঘোষণা করা হয়।
বিবৃতি অনুসারে, ভারতীয় নৌবাহিনীর এএলএইচ ধ্রুব হেলিকপ্টারের হ্যাঙ্গারের স্লাইডিং দরজা খুলে নাবিক দুজনের ওপর পড়ে। নিহত দুজন চিফ পেটি অফিসার পদে কর্মরত ছিলেন।
এদিকে এ দুর্ঘটনার পর একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে ভারতীয় নৌবাহিনী। কোনো ব্যর্থতার ফলে দরজাটি রেইল থেকে খুলে পড়তে পারে বলে এক কর্মকর্তা জানিয়েছেন। তবে অনুসন্ধানের পরই এর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি মন্তব্য করেছেন।
সূত্র জানায়, দুর্ঘটনার সময় হ্যাঙ্গারে থাকা উদ্ধার ও অনুসন্ধান হেলিকপ্টার চেতকের কোনো ক্ষতি হয়নি।
