রোববার   ১৫ মার্চ ২০২৬   ফাল্গুন ৩০ ১৪৩২   ২৬ রমজান ১৪৪৭

চীনের সাবেক গোয়েন্দাপ্রধানের যাবজ্জীবন কারাদণ্ড

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:১০ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

চীনের সাবেক গোয়েন্দাপ্রধান মা জিয়ানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। ঘুষ গ্রহণ ও ইনসাইডার ট্রেডিংসহ বেশকিছু অপরাধে তাকে এ শাস্তি দেয়া হয়েছে। খবর বিবিসি।

২০১৫ সালে মা জিয়ানকে প্রথম তদন্তের আওতায় আনা হয়। এর এক বছর পরই তাকে চীনের কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা হয়। চীনের লিয়াওনিং প্রদেশের একটি আদালত জানিয়েছেন, মা জিয়ান অপরাধ স্বীকার করেছেন এবং তিনি আপিল করছেন না।

প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুর্নীতিবিবোধী পদক্ষেপের অংশ হিসেবে দেশটির বহু উচ্চপদস্থ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। মা জিয়ান ছিলেন চীনের স্টেট সিকিউরিটি মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার। তার বিরুদ্ধে আনা অভিযোগটি চীনের পলাতক ও নির্বাসিত ধনকুবের গুও ওয়েঙ্গুইর সঙ্গে সম্পর্কিত। কমিউনিস্ট পার্টির অনেক শীর্ষ সদস্যই গুও ওয়েঙ্গুইর সঙ্গে নানা দুর্নীতিতে জড়িয়েছিলেন।

চীনের দালিয়ান ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট এক বিবৃতিতে জানিয়েছেন, মা জিয়ান তার পদ ব্যবহার করে গুও ওয়েঙ্গুইকে ব্যবসায়িক কাজে সহায়তা দিয়েছেন। তার বদলে তিনি ওয়েঙ্গুইর কাছ থেকে ১ কোটি ৪৫ লাখ ডলারের বেশি ঘুষ নিয়েছেন। এছাড়া তিনি অভ্যন্তরীণ তথ্যের ভিত্তিতে শেয়ার ব্যবসায়ও লাভবান হয়েছেন।

আদালত জানান, বাদী মা জিয়ান বিশাল অংকের অর্থ ঘুষ নিয়েছেন এবং এতে জাতীয় ও জনস্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কর্মকাণ্ডের মাধ্যমে একজন সরকারি কর্মচারী হিসেবে তিনি মারাত্মক অন্যায় করেছেন।

আদালতের রায় বিষয়ে মা জিয়ান ও গুও ওয়েঙ্গুইর কোনো মন্তব্য পাওয়া যায়নি।