রোববার   ১৫ মার্চ ২০২৬   ফাল্গুন ৩০ ১৪৩২   ২৬ রমজান ১৪৪৭

তুরস্কের হামলা ঠেকাতে মানবিজে সিরীয় সরকারি বাহিনী

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:০৪ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

কুর্দি সংগঠন ওয়াইপিজি’র আমন্ত্রণে সিরিয়ার মানবিজ শহরে প্রবেশ করেছে দেশটির সরকারি বাহিনী। সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার পর সম্ভাব্য তুর্কি অভিযান রুখতে প্রেসিডেন্ট বাশার আল আসাদের কাছে আবেদন জানিয়েছিল ওয়াইপিজি। সেই আবেদনে সাড়া দিয়েই এ পদক্ষেপ নিয়েছে সিরীয় সরকার। ছয় বছরের মধ্যে প্রথমবার এলাকাটিতে প্রবেশ করে আজ সেখানে সিরীয় পতাকা উড়িয়েছে দেশটির সেনাবাহিনী। এক বিবৃতিতে মানবিজে অবস্থানরত সকল সিরীয় নাগরিক ও অন্যদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেছে তারা।

এ অঞ্চলের কুর্দিদের নিজের সার্বভৌমত্বের বিরুদ্ধে হুমকি বলে মনে করে তুরস্ক। সম্প্রতি সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার পর ওয়াইপিজি’র বিরুদ্ধে অভিযান চালানোর হুমকি দেয় দেশটি। কুর্দি নিয়ন্ত্রণাধীন মানবিজ অঞ্চলের সীমানায় নিজেদের সেনা সমাবেশও করছিল তারা।

এরই প্রেক্ষিতে সিরিয়ার সেনাবাহিনীকে এ অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে আহবান জানায় পিপল’স প্রটেকশন ইউনিট বা ওয়াইপিজি। সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের (এসডিএফ) পাশাপাশি যুদ্ধ করে মানবিজ থেকে আইএসকে বিতাড়িত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কুর্দি সংগঠনটি। ২০১৬ সালে আইএসের হাত থেকে মানবিজের দখল নেয় এসডিএফ। 

তুরস্ক, ইরান, ইরাক ও সিরিয়ার অংশবিশেষ নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন থেকে সশস্ত্র সংগ্রাম করে আসছে কুর্দিরা। এ নিয়ে সিরিয়ার সরকারের সাথেও সংর্ঘষে জড়িয়েছে তারা। বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে একটি স্বায়ত্বশাসিত এলাকা প্রতিষ্ঠা করেছিল ওয়াইপিজি। এখন তুরস্কের হামলা থেকে বাঁচতে সেই সিরিয় বাহিনীকেই নিজেদের এলাকায় আমন্ত্রণ জানাল কুর্দিরা। কুর্দিদের এ আহবানকে স্বাগত জানিয়েছে সিরিয় সরকার। তবে কুর্দি স্বায়ত্বশাসনের দাবি মানা হবে না বলেও পরিস্কার জানিয়ে দিয়েছে তারা।

মানবিজে সিরিয় বাহিনীর প্রবেশকে স্বাগত জানিয়েছে রাশিয়াও। এ অঞ্চলকে স্থিতিশীল করতে এটি ইতিবাচক পদক্ষেপ বলে জানিয়েছেন রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ।