হিলারিকে সরিয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রংশসিত নারী মিশেল ওবামা
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:১৯ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা দেশটির সবচেয়ে প্রশংসিত নারী নির্বাচিত হয়েছেন। গত ১৭ বছর ধরে এ সম্মান পেয়ে আসছিলেন হিলারি ক্লিনটন। এবার তাকে সরিয়ে প্রথম স্থান অর্জন করলেন মিশেল ওবামা। গতকাল প্রকাশিত গ্যালাপ জরিপের ফলাফলে এ তথ্য জানানো হয়েছে। ১৯৪৬ সাল থেকে প্রতি বছর আমেরিকার সবচেয়ে প্রশংসিত নারী ও পুরুষ নির্বাচন করে আসছে গ্যালাপ।
এ বছরের জরিপের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী এবং পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন তৃতীয় হয়েছেন। দ্বিতীয় অবস্থান অর্জন করেছেন বিখ্যাত উপস্থাপক অপরাহ উইনফ্রে।
একইভাবে এই তালিকায় সবচেয়ে প্রশংসিত পুরুষ হিসেবে প্রথম অবস্থান অর্জন করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। গত ১১ বছর ধরে শীর্ষে আছেন তিনি। অপরদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রয়েছেন দ্বিতীয় অবস্থানে।
এ বছর ১ হাজার ২৫ জন প্রাপ্তবয়স্কের কাছে তাদের প্রিয় নারী এবং পুরুষের নাম জানতে চেয়েছিল গ্যালাপ। এদের ১৫ শতাংশ তাদের সবচেয়ে প্রিয় নারী হিসেবে মিশেলের নাম বলেছেন। সবচেয়ে প্রশংসিত পুরুষ হিসেবে ওবামাকে বেছে নিয়েছেন ১৯ শতাংশ আমেরিকান। ডোনাল্ড ট্রাম্পের পক্ষে পড়েছে ১৩ শতাংশের ভোট। গত ৩ থেকে ১২ ডিসেম্বর এই জরিপ পরিচালনা করা হয়।
