রোববার   ০৩ মে ২০২৬   বৈশাখ ২০ ১৪৩৩   ১৬ জ্বিলকদ ১৪৪৭

জাহিদ আকবরের কথায় নতুন গানে আরেফিন রুমি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৩৩ এএম, ৪ আগস্ট ২০১৯ রোববার

লম্বা সময় গান থেকে একেবারেই দূরে ছিলেন আরফিন রুমি। ভক্তরা শঙ্কাগ্রস্থ ছিলেন, প্রিয় এই শিল্পীর নতুন গান হয়তো তারা আর শুনতেই পারবেন না। রুমি  নিজেও  ছিলেন নিরুত্তাপ, নিরুত্তর। তবে চলিত বছরের শুরুতে একসঙ্গে বেশ কিছু গান প্রকাশ করে রীতিমত তাক লাগিয়ে দেন সঙ্গীতাঙ্গনে। সস্তি ফিরে পান রুমি ভক্তরা। 

এরই ধারাবাহিকতায় এবারের ঈদে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) থেকে প্রকাশ পাচ্ছে আরফিন রুমির নতুন গান ‘গভীরে নামি’। সঙ্গে আছেন আরেক মিষ্টি কণ্ঠের সাবরিনা। দ্বৈত এই গানটি লিখেছেন জাহিদ আকবর। সুর ও সঙ্গীতায়োজনে ছিলেন আরফিন রুমি নিজেই। রোমান্টিক গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। 

রুমি বললেন, সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা তিনি আমাকে আবার গানে মনোযোগী করেছেন। দীর্ঘদিন সময় নিয়েই ‘গভীরে নামি’ গানটি করেছি। সাবরিনার গায়কী অসাধারণ। এই সময়ে ফিমেল কন্ঠের বড় অভাব। সারবিন সেই অভাব পূরণ করতে পারবে বলে আমি মনে করি। আমার বিশ্বাস,  শ্রোতারা গানটি পছন্দ করবেন।

 

ডিএমএস সুত্রে জানা গেছে,  ঈদুল আজহার বিশেষ আয়োজনে গানটির ভিডিও তাদের  ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে সোমবার। সেই সঙ্গে গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।  

প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে জাহিদ আকবরের কথায় ‘তোমাকেই দেখে যাই’ শিরোনামের একটি গান প্রকাশ করেন আরেফিন রুমি। এর আগে ‘তোমার চোখে আকাশ আমার চাঁদ উজার পূর্ণিমা’, ‘ফাঁদ পাতা এই শহরটা’, ‘ভেজা ভেজা হাওয়া’ গানটি ছাড়াও জাহিদ আকবরের লেখা বেশ কিছু শ্রোতাপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন আরেফিন রুমি।