রোববার   ১৫ মার্চ ২০২৬   ফাল্গুন ৩০ ১৪৩২   ২৬ রমজান ১৪৪৭

ভয়হীন পরিবেশ চায় জাতিসংঘ

নিউজ ডেক্স

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:০৮ এএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

নির্বাচনে ভয়ভীতি ও দমন-পীড়নহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক হয় সেটিও নিশ্চিত করতে বলেছে বৈশ্বিক এ সংস্থাটি।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের পক্ষ থেকে বৃহস্পতিবার দেয়া এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। মহাসচিবের পক্ষে তার মুখপাত্র স্টিফেন ডুজারিক বিবৃতি দেন। এতে জাতিসংঘ মহাসচিব শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্র“তি পুনর্ব্যক্ত করেন।

বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ মহাসচিব আসন্ন ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের আগে, নির্বাচনকালে ও পরে সহিংসতামুক্ত, ভয়ভীতিহীন ও দমন-পীড়নহীন পরিবেশ নিশ্চিতের জন্য সব পক্ষের কাছে আহ্বান জানিয়েছেন। নির্বাচন যাতে শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক হয় সেটি নিশ্চিত করতে হবে। ভোটাধিকার প্রয়োগে সংখ্যালঘু, নারীসহ সব বাংলাদেশি নাগরিক যেন নিরাপদ বোধ করেন এবং আস্থা অনুভব করেন। নির্বাচনী প্রক্রিয়ায় সুশীল সমাজ ও পর্যবেক্ষকেরা তাদের দায়িত্ব পালনে যাতে পূর্ণ সহায়তা পান।

এর আগে ২১ ডিসেম্বর নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচনে বিরোধীদলীয় প্রার্থী ও তাদের সমর্থকদের ধরপাকড় নিয়ে জাতিসংঘের মূল্যায়ন জানতে চাওয়া হয়। সাংবাদিকদের প্রশ্ন ছিল, ‘আপনি কি এখনও বিশ্বাস করেন, বাংলাদেশের আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে, যেখানে আইনের বিধিবিধানের কথা বলে বিরোধী প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করা হচ্ছে?’

জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, ‘আমরা এসব ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা নির্বাচনী সহিংসতা ও বিরোধীদের গ্রেফতারের খবরে উদ্বিগ্ন।

অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচনের জন্য সব পক্ষকে তাদের দায়িত্ব পালনের জন্য আহ্বান জানাই। এই পরিপ্রেক্ষিতে এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব প্রার্থীর অবাধ ও নির্বিঘ্নে প্রচারের পথ নিশ্চিত করবে।

বাংলাদেশের মানুষ নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগের বিষয়ে যেন আস্থা বোধ করে। নির্বাচনী প্রক্রিয়ায় সুশীল সমাজ ও পর্যবেক্ষকেরা তাদের দায়িত্ব পালনে যাতে পূর্ণ সহায়তা পান।’