সূত্র সুক্ষ্ম প্রমাণ, স্বামী হত্যায় ফেঁসে যাচ্ছেন অদিতি
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:২৬ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
তদন্ত যত এগোচ্ছে, প্রাক্তন স্বামী খুনে অভিযুক্ত অদিতি চক্রবর্তীদর বিরুদ্ধে ততই চাঞ্চল্যকর তথ্য হাতে পাচ্ছে কলকাতার পুলিশ। এবারে অদিতিকে জেরা করে পুলিশের অনুমান, আগে থেকে পরিকল্পনা করেই প্রাক্তন স্বামী প্রতুলকে খুন করেছে অদিতি।
এবিপি আনন্দ চ্যানেলে সম্প্রচারিত খবর অনুযায়ী, জেরায় অদিতি পুলিশকে জানিয়েছে, খড়দহে প্রতুলের ভাড়া বাড়িতে তাকে খুন করার পরে পোশাক বদলেছিল সে। আগে থেকেই ব্যাগে করে অতিরিক্ত একটি পোশাক নিয়ে প্রতুলের বাড়িতে গিয়েছিল অদিতি। পুলিশের প্রশ্ন, প্রতুলের সঙ্গে শুধু যদি দেখা করাটাই উদ্দেশ্য হতো, তাহলে আগে থেকে কেন আলাদা পোশাক নিয়ে প্রতুলের বাড়িতে গেলেন অদিতি?
শুধু তাই নয়, অদিতি তদন্তকারীদের জানিয়েছে, প্রতুলের মৃত্যুর পরে ঘরের জিনিসপত্র ঠিকমতো গুছিয়ে রাখে সে। প্রতুলের পরিচয়পত্রও বের করে নিয়ে নেয়। অদিতির সঙ্গে ধস্তাধস্তির পরে রাত বারোটা নাগাদ মারা গিয়েছিল প্রতুল। তার প্রায় তিন ঘণ্টা পরে প্রতুলের বাড়ি থেকে বেরিয়ে আসে অদিতি। তার আগে পোশাক বদলে নেয় সে। কারণ, প্রতুলের সঙ্গে ধস্তাধস্তির জেরে তার শরীরেও অনেক জায়গায় আঘাত লেগেছিল।
এত কিছু করলেও প্রতুলের ঘরে নিজের রুমাল এবং যে দোকান থেকে খাবার কেনা হয়েছিল, সেই বিল ফেলে এসেছিল অদিতি। এই সুক্ষ্ম সূ্ত্র ধরেই অদিতির নাগাল পায় পুলিশ। যে পোশাক পরে অদিতি প্রতুলকে খুন করেছিল, আপাতত তা উদ্ধার করার চেষ্টা করছেন তদন্তকারীরা।
