ইসরাইলের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সিরিয়া
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:১৮ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
ইসরায়েলের ছোড়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র আকাশে থাকতেই সফল ভাবে ধ্বংস করেছে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা।
সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইসরাইলী যুদ্ধ বিমান থেকে ছোড়া এ ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করে তারা। ক্ষেপণাস্ত্রগুলো লেবাননের আকাশ দিয়ে সিরিয়ার আকাশে প্রবেশ করে।
রাশিয়ার সরবরাহকৃত এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাটির মাধ্যমে গত মাসেও ইসরায়েলের ছোড়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র সফল ভাবে ধ্বংস করা হয়েছিলো। - খবর আনাদোলু এজেন্সি ও আল-জাজিরা’র
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সানা এজেন্সি’ জানিয়েছে, মঙ্গলবারে ইসরায়েলের ছোড়া এ ক্ষেপণাস্ত্রগুলোর অধিকাংশই সফলভাবে প্রতিহত করা গেছে। তবে কয়েকটি ক্ষেপণাস্ত্র দেশটির একটি অস্ত্র ঘাটিঁতে আঘাত হেনেছে। এ ঘটনায় ৩ জন সেনা সদস্য আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরাইলি ক্ষেপণাস্ত্রগুলো সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হওয়ার সময় আকাশে বিস্ফোরণের যে প্রচণ্ড শব্দ হয় তা দামেস্কের প্রায় সব জায়গা থেকেই শোনা গেছে। দামেস্কের পশ্চিমাঞ্চলে অবস্থিত মেজ্জে সামরিক বিমানবন্দরের আকাশে এ ঘটনাটি ঘটে।
সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ফলে সিরিয়ার ব্যাপারে ইসরাইলের নীতিতে কোনো পরিবর্তন আসবে না বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দেয়ার দু’দিন পরই দামেস্কের আকাশে ক্ষেপণাস্ত্র ভূপাতিত হওয়ার খবর পাওয়া গেল।
