শত বছর গির্জার রক্ষণাবেক্ষণে মুসলিম পরিবার
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:১৪ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
পাকিস্তানের এক গ্রাম্য এলাকায় অবস্থিত সেন্ট ম্যাথিউস গির্জাটি। একশ বছর আগে ব্রিটিশরা এটি বানিয়েছিল। কালের আবর্তে ওই এলাকায় খ্রিস্টানরা এখন বাস করে না বললেই চলে।
তবে থেমে নেই গির্জাটির রক্ষণাবেক্ষণ। গেল ১০০ বছর ধরে এর দেখাশোনা করছেন স্থানীয় এক মুসলিম পরিবার। নাথিয়া গালি নামে এক পাহাড়ি গ্রামে এই গির্জাটির অবস্থান। খবর- বিবিসি’র।
ওয়াহিদ মুরাদ নামে এক মুসলিম ব্যক্তি বর্তমানে গির্জাটি দেখাশোনা করছেন। কারণ, তিনিই একমাত্র ব্যক্তি যিনি জানেন কীভাবে ওই গির্জার ঘণ্টা বাজাতে হয়।
এ প্রসঙ্গে তিনি বলেন, এই কাজ করতে তিনি গর্ব বোধ করেন। তার মতে, গির্জা একটা ধর্মীয় উপাসনাস্থল এবং সব উপাসনাস্থলকে তিনি শ্রদ্ধা করেন।
মুরাদ বলেন, যে কোন উপাসনাস্থল দেখাশোনা করা আমাদের কর্তব্য। গির্জা দেখাশোনার দায়িত্ব নিতে আমার কোন দ্বিধা-দ্বন্দ্ব নেই। আমার নানা এখানে কাজ করেছেন ৩৫ বছর, এরপর আমার আব্বা ৪৫ বছর।
তিনি বলেন, আমি গেলে ১৭ বছর ধরে এই গির্জার দেখভাল করছি। আমি লজ্জা পাই না, বরং গর্ব লাগে যে আমাদের পরিবার বংশানুক্রমে গত প্রায় একশ বছর ধরে এই গির্জার দেখাশোনা করছে।
মুরাদ তার নিজের ধর্ম পালন করেন। একইসঙ্গে গির্জার রক্ষণাবেক্ষণের কাজও করেছেন। তিনি এ কাজ চালিয়ে যেতে চান বলেও জানান।
