রোববার   ১৫ মার্চ ২০২৬   ফাল্গুন ৩০ ১৪৩২   ২৬ রমজান ১৪৪৭

এবার ট্রাম্পের রোষানলে ফেডারেল ব্যাংক

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার নির্ধারণ নিয়ে প্রতিষ্ঠানটির সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একইসঙ্গে শেয়ার বাজার তথা অর্থনীতিতে সাম্প্রতিক মন্দাবস্থার সত্ত্বেও অর্থমন্ত্রী স্টিভেন মানচিনের ওপর আস্থা রাখার কথা জানিয়েছেন তিনি। 'রয়টার্স'

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ খুব দ্রুত তাদের সুদের হার বাড়িয়েছে। আর এতে করেই সংকট তৈরি হয়েছে। বড়দিন উপলক্ষে বিভিন্ন দেশে মোতায়েন মার্কিন সেনাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের এমন অবস্থানের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। 

ট্রাম্প সাংবাদিকদের কাছে বলেন, মার্কিন প্রতিষ্ঠানগুলো পুরো দুনিয়ার মধ্যে সেরা। কেনাকাটার ক্ষেত্রে তারা একটি অসাধারণ সুযোগ সামনে তুলে ধরেছে। কেন্দ্রীয় ব্যাংকের সমালোচনার প্রেক্ষিতে সাংবাদিকরা ট্রাম্পের কাছে জানতে চান অর্থমন্ত্রী স্টিভেন মানচিনের ওপর তার আস্থা রয়েছে কিনা? উত্তরে ট্রাম্প বলেন, 'হ্যাঁ। তার প্রতি আমার আস্থা রয়েছে। তিনি খুব প্রতিভাবান মানুষ। খুবই স্মার্ট একজন ব্যক্তি।'

মার্কিন সরকারের শাট ডাউন বা প্রশাসনিক কার্যক্রমে আংশিক অচলাবস্থা, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে শ্লথ গতির আশঙ্কা এবং কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলকে ছাঁটাইয়ের আশঙ্কায় সোমবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার চালুর পর থেকেই দরপতনের চিত্র ছিল লক্ষ্যণীয়। 

বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল দেশটির এমন পরিস্থিতিতে টুইটারে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, মার্কিন অর্থনীতির একমাত্র সমস্যা হচ্ছে ফেডারেল রিজার্ভ। তাদের মধ্যে বাজার নিয়ে কোনও অনুভূতি নেই। ফেডারেল রিজার্ভ যেন কোনও শক্তিশালী গলফার যে স্কোর করতে ব্যর্থ হচ্ছে, কারণ সে বল স্পর্শ করতে পারছে না।

শেয়ার বাজার অস্থিরতার প্রেক্ষিতে রবিবার (২৩ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যাংকারদের সঙ্গে বৈঠক করেছেন দেশটির অর্থমন্ত্রী স্টিভেন মানচিন। এ সময় তিনি শীর্ষ ব্যাংকারদের সঙ্গে বাজার স্বাভাবিক করার বিষয়ে আলোচনা করলেও তা ফলপ্রসূ হয়নি।