শনিবার   ১৬ মে ২০২৬   জ্যৈষ্ঠ ২ ১৪৩৩   ২৯ জ্বিলকদ ১৪৪৭

ভোট চাইতে হেলিকপ্টারে উড়ে গেলেন তারকারা

নিউজ ডেক্স

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:২৬ এএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

ভোটের তারিখ যতই এগিয়ে আসছে, তারকাদের ব্যস্ততা এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে। তারকারা নিজের পছন্দের দল ও প্রার্থীদের বিজয়ী করতে ভোট চাইতে ছুটছেন বিভিন্ন নির্বাচনী এলাকায়। শেষ মুহূর্তে সময় যেহেতু কম, তাই সড়কপথ বাদ দিয়ে তাঁরা বেছে নিয়েছেন আকাশপথ। তাই তো আজ বুধবার সকালে চলচ্চিত্রের ছয় তারকা আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী প্রচারে সড়কপথে নয়, হেলিকপ্টারে চড়ে উড়ে গেলেন ভোলার চরফ্যাশন এলাকায়। সেখানে তাঁরা ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে নৌকার প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের প্রচারণায় অংশ নেন। গনমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক ফেরদৌস।

এবার নির্বাচন উপলক্ষে প্রচারণায় বেশ সক্রিয় চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীতজগতের তারকারা। শুরুর দিকে বিচ্ছিন্নভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নিলেও ১০ ডিসেম্বর থেকে দলগতভাবে দল ও প্রার্থীর জন্য ভোট চাওয়া শুরু করেছেন তাঁরা। চলচ্চিত্রশিল্পীদের মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় ফেরদৌস, রিয়াজ ও পূর্ণিমা। এরপর চলচ্চিত্রের অন্য শিল্পী-কলাকুশলীরাও অংশ নিয়েছেন। এর আগে তারকাদের চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকায় নির্বাচনী প্রচারণায় দেখা গেছে। আজ তাঁরা ছুটে গেছেন দ্বীপজেলা ভোলার চরফ্যাশনে। যেসব তারকা আজ ভোট চাইতে হেলিকপ্টারে উড়ে গেলেন তাঁরা হলেন রিয়াজ, ফেরদৌস, পপি, পূর্ণিমা, অপু বিশ্বাস ও ইমন।

ফেরদৌস জানান, আজ বেলা ১১টায় হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে চড়ে তাঁরা ভোলায় যান। ৪০ মিনিট আকাশপথে যাত্রা শেষে তাঁরা সেখানে পৌঁছান। ফেরদৌস বলেন, ‘প্রতিদিন আলাদা অভিজ্ঞতা হচ্ছে। আগে একভাবে দেশের মানুষের সঙ্গে মিশেছি, এখন অন্য পরিচয়ে।’

এদিকে নির্বাচনী প্রচারণা শেষে বেলা তিনটার দিকে চরফ্যাশন থেকে ঢাকায় আসার জন্য হেলিকপ্টারে চড়েন চলচ্চিত্রের ছয় তারকা। জানা গেছে, কাল চিত্রনায়ক ফারুকের জন্য চলচ্চিত্রের শিল্পীরা প্রচারণায় নামবেন।