বৃহস্পতিবার   ১৬ জুলাই ২০২৬   শ্রাবণ ১ ১৪৩৩   ৩০ মুহররম ১৪৪৮

লিবিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সন্ত্রাসী হামলায় নিহত ৫

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:২৪ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৮ বুধবার

রাজধানী ত্রিপোলিতে লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আত্মঘাতী বোমা ও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। গতকাল মন্ত্রণালয়ের প্রধান কার্যালয়ে এ হামলায় তিন হামলাকারী এবং অন্তত দুজন সরকারি কর্মচারী নিহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা সূত্র জানিয়েছে। খবর এএফপি ও আল জাজিরা।

সূত্র জানিয়েছে, হামলাকারীরা নিজেদের উড়িয়ে দেয়ার আগে ভবনে বন্দুক হামলা চালায়। প্রথমে মন্ত্রণালয়ের সামনে একটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটানোর পর তিন-চারজন হামলাকারী ভবনে প্রবেশ করে গুলি ছুড়তে শুরু করে। এদিকে নিহত দুজন সরকারি কর্মচারীর মধ্যে একজন নিরাপত্তা কর্মকর্তা এবং অন্যজন মন্ত্রণালয়ের কর্মী বলে জানা গেছে।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলাকারীদের একজন মন্ত্রণালয়ের রক্ষীদের গুলিতে নিহত হয়েছে। বাকি দুই হামলাকারী নিজেদের বিস্ফোরিত করে। লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় হামলায় অন্তত নয়জন আহত হওয়ার কথা জানিয়েছে।

এদিকে তাত্ক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে এ হামলার জন্য সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী ভাবা হচ্ছে।