অ্যামনেস্টির দাবি : সুদানে সরকারবিরোধী আন্দোলনে ৩৭ জন নিহত
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:১৬ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৮ বুধবার
সুদানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে নিরাপত্তা বাহিনী ৩৭ আন্দোলনকারীকে গুলি করে হত্যা করেছে বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। হত্যাকাণ্ড সম্পর্কে বিশ্বাসযোগ্য প্রতিবেদন পাওয়ারও দাবি করেছে সংস্থাটি। খবর এএফপি।
রুটির দাম তিন গুণ বৃদ্ধি করায় গত বুধবার থেকে সুদানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ চলছে। অস্থিরতার মধ্যে আট আন্দোলনকারী নিহত হয়েছে বলে সুদানি কর্তৃপক্ষ জানিয়েছে। তবে সুদানের প্রধান বিরোধী দলের নেতা সাদিক আল-মাহদি শনিবার নিহতের সংখ্যা ২২ বলে জানিয়েছেন।
অন্যদিকে সোমবার রাতে এক বিবৃতিতে মানবাধিকার সংস্থাটি জানায়, সরকারবিরোধী আন্দোলনের পাঁচদিনে নিরাপত্তা বাহিনী ৩৭ আন্দোলনকারীকে গুলি করে হত্যা করেছে। এ সম্পর্কে বিশ্বাসযোগ্য প্রতিবেদন তাদের হাতে রয়েছে বলে অ্যামনেস্টি জানিয়েছে। সংস্থাটির পূর্ব আফ্রিকা, গ্রেট লেকস ও হর্নের পরিচালক সারাহ জ্যাকসন বলেন, সুদানের নিরাপত্তা বাহিনী নিরস্ত্র প্রতিবাদকারীদের ওপর যে নির্বিচার বল প্রয়োগ করছে, তা অত্যন্ত বিপজ্জনক। এরই মধ্যে কয়েক ডজন মানুষ মারা গেছে। দেশটির সরকারকে অবশ্যই নিরাপত্তা বাহিনীকে ব্যবহারের লাগাম টেনে ধরতে এবং অপ্রয়োজনীয় রক্তপাত বন্ধ করতে হবে।
অ্যামনেস্টির বিবৃতি নিয়ে সুদান সরকারের পক্ষ থেকে তাত্ক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গত সপ্তাহে আকস্মিকভাবেই রুটির দাম বেড়ে যায় অর্থনৈতিকভাবে সমস্যাকবলিত আফ্রিকার দেশটিতে। যার পরই এক ডজন শহরে এর বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়।
