রোববার   ১৫ মার্চ ২০২৬   ফাল্গুন ৩০ ১৪৩২   ২৬ রমজান ১৪৪৭

মেডিকেল মারিজুয়ানার বৈধতা দিলো থাইল্যান্ড

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:০৭ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৮ বুধবার

দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে চিকিৎসার উদ্দেশ্যে মারিজুয়ানা ব্যবহারের অনুমতি দিল থাইল্যান্ড। এ লক্ষ্যে দেশটির মাদক আইনে পরিবর্তন আনারও অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার থাইল্যান্ডের পার্লামেন্টে ১৬৬-০ ভোটে এ সংক্রান্ত একটি বিলটি পাস হয়। খবর : সিএনএন।

মেডিকেল মারিজুয়ানা বৈধ ঘোষণা করা হলেও বিনোদনের জন্য মারিজুয়ানার ব্যবহার আগের মতই নিষিদ্ধ থাকবে।

নতুন বছরের ছুটির আগে পার্লামেন্টের বর্ধিত সভায় বিলটি পাস হয়। মেডিকেল মারিজুয়ানা বৈধকরণ সংক্রান্ত খসড়া বিল প্রণয়ন কমিটির চেয়ারপারসন সোমশাই সংকরণ বলেন, এটি নতুন বছরে সরকার ও জনগণের প্রতি পার্লামেন্টের উপহার।

বিশ্ব বেশ কিছু দেশে চিকিৎসার কাজে মাদকের ব্যবহার বৈধ। ২০১৩ সালের ডিসেম্বরে বিশ্বের প্রথম রাষ্ট্র হিসেবে মারিজুয়ানার উৎপাদন, সেবন ও বিক্রিকে বৈধ ঘোষণা করে উরুগুয়ে। এছাড়া এ বছরের অক্টোবরে কানাডায় বিনোদনমূলক উদ্দেশ্যে গাঁজা উৎপাদন, সেবন ও বিক্রির বৈধতা দেওয়া হয়। নভেম্বরে ব্রিটেনেও মেডিকেল মারিজুয়ানার ব্যবহার বৈধ করা হয়। এছাড়া জার্মানি, অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ডেও চিকিৎসাক্ষেত্রে মারিজুয়ানা ব্যবহার করা হয়। যুক্তরাষ্ট্রের ৩০টি রাজ্যে মেডিকেল মারিজুয়ানা বৈধ।

এছাড়া পর্তুগাল এবং নেদারল্যান্ডস গাঁজার ব্যবহার বৈধ না করলেও অপরাধ হিসেবে গণ্য করে না। গত সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ আদালত ব্যক্তিগত স্থানে প্রাপ্তবয়স্কদের গাঁজা ব্যবহারকে বৈধ করেছে। যুক্তরাষ্ট্রের নয়টি রাজ্যে বিনোদনের জন্য গাঁজার ব্যবহার বৈধ রয়েছে।

সাধারণত মাদক হিসেব দেখা হলেও মারিজুয়ানার বেশ কিছু চিকিৎসাজনিত সুবিধা আছে। বয়স্কদের ক্ষেত্রে ব্যাথানাশক হিসেবে এটি খুব কার্যকর। কেমোথেরাপির পর যে বমিভাব ও মাথা ঘোরার মত অনুভূতি হয় তাও দূর করতে কাজে লাগে মারিজুয়ানা। মানসিক উদ্বেগ, হতাশা দূর করতেও কার্যকরী এটি। এছাড়া মৃগীরোগ, স্ট্রোক‍, স্মৃতিভ্রংশতার উপশমেও মারিজুয়ানা ব্যবহার করা হয়।