ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর দাবি সিরিয়ার
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:০৬ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৮ বুধবার
ইসরাইলি যুদ্ধবিমান থেকে সিরিয়ার উদ্দেশ্যে চালানো ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি করেছে দেশটির সরকার। লেবাননের আকাশসীমা থেকে সিরিয়া লক্ষ্য করে ছোঁড়া বেশ কিছু ইসরাইলি মিসাইল ভূপাতিত করার খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা।
রাজধানী দামেস্কের একটি অস্ত্রগুদাম লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছিল বলে সিরীয় সামরিক বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে সানা জানিয়েছে, হামলায় অস্ত্রগুদামের সামান্য ক্ষতি হয়েছে এবং তিনজন সৈন্য আহত হয়েছে। তবে বেশিরভাগ মিসাইল আঘাত হানার আগেই ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
তাৎক্ষণিকভাবে হামলার বিষয়টি নিশ্চিত করেনি ইসরায়েল। এক টুইটার বার্তা আইডিএফ বলেছে, একটি সিরীয় বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য তাদের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো সচল করেছিল তারা। এতে ইসরায়েলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।
দামেস্কের দক্ষিণাঞ্চলে ইরান ও হিজবুল্লাহর স্থাপনাগুলোতে এর আগেও হামলা চালিয়েছে ইসরায়েল। গত মাসের শেষের দিকে দামেস্কের কিসওয়েহ এলাকায় এধরনের হামলা প্রতিহত করার দাবি করেছিল সিরিয়া। কয়েকদিন আগেই সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের মার্কিন ঘোষণার পর দেশটিতে ইরানি প্রভাব ঠেকাতে যেকোন পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছিলেন ইসরাইলি প্রেসিডেন্ট নেতানিয়াহু।
