লিবিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে হামলায় নিহত চার
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:০৩ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৮ বুধবার
লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ভবনে আত্মঘাতী হামলায় একজন সিনিয়র কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২১ জন। জঙ্গী সংগঠন আইএস এ হামলার দায় স্বীকার করেছে।
প্রত্যক্ষদর্শী ও সরকারি সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, মঙ্গলবার তিনজন সন্ত্রাসী পররাষ্ট্র মন্ত্রণালয়ে হামলা চালায়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবন থেকে ধোয়া উড়তে দেখা যায়। ভবনের বাইরে একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে জানিয়েছে নিরাপত্তাকর্মীরা। এরপর দ্বিতীয় তলায় একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। আরকজন হামলাকারীর সুটকেস বিস্ফোরিত হলে নিহত হয় সে। তৃতীয় হামলাকারীকে হত্যা করে নিরাপত্তাবাহিনীর সদস্যরা।
বর্তমানে ঘটনাস্থল ঘেরাও করে রেখেছেন স্থানীয় নিরাপত্তা বাহিনী। তারা ভবনের নিয়ন্ত্রণ ফেরত নিতে সক্ষম হয়েছে। তাৎক্ষণিকভাবে, ভবনের ভেতরে অবস্থানরত সকল কর্মচারী ও ব্যক্তিকে ভবন ত্যাগ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
২০১১ সালে লিবিয়ার সাবেক নেতা মোহাম্মদ গাদ্দাফির শাসনের অবসান হওয়ার পর থেকে ক্ষমতার লড়াইয়ে দেশটিতে অস্থিরতা বিরাজ করছে। বর্তমানে জাতিসংঘ সমর্থিত সরকারের পাশাপাশি এক জেনারেলের নেতৃত্বে বিদ্রোহীদের সরকারও ক্ষমতার জন্য লড়ছে। এছাড়া ইসলামী জঙ্গীদের উপস্থিতি তো আছেই।
