যুক্তরাষ্ট্রে নিরাপত্তা হেফাজতে আরও এক শরণার্থী শিশুর মৃত্যু
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:০২ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৮ বুধবার
মার্কিন সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক অবস্থায় আবারও এক শরণার্থী শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। সীমান্তে বন্দী অবস্থায় অভিবাসনপ্রত্যাশী শিশু মৃত্যুর দ্বিতীয় ঘটনা এটি। এর আগে গত ছয় ডিসেম্বর জ্যাকেলিন কাল ম্যাকুইন নামের সাত বছরের এক কন্যা শিশুর মৃত্যুর ঘটনা ঘটে।
গুয়াতেমালার আট বছরের ঐ ছেলে শিশুকে তার বাবার সাথে আটক করেছিল নিরাপত্তা বাহিনী। সোমবার শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে নিউ মেক্সিকোর স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। মার্কিন সীমান্তরক্ষী বাহিনী কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন (সিবিপি) জানায়, বাচ্চাটির জ্বর ও ঠাণ্ডা লাগার সমস্যা ছিল। চিকিৎসা দেয়ার পর হাসপাতাল থেকে ছাড়া হয় তাকে। তবে নিরাপত্তা হেফাজতে বমি করতে শুরু করলে আবারও ভর্তি করা হয় শিশুটি। সেখানেই মৃত্যু হয় তার। মৃত্যুর কারণ জানতে তদন্তের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
এ মৃত্যুর ঘটনার নিন্দা জানিয়ে পরিস্কার তদন্তের দাবি করেছে গুয়াতেমালা। এছাড়া মৃত্যুর কারণ জানতে মেডিকেল রিপোর্টও চেয়েছে দেশটি।
এর আগে ম্যাকুইনের মৃত্যুতে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল যুক্তরাষ্ট্র। সীমান্তে বরাবরই অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আসছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অবৈধভাবে আসা শিশুদের বাবা মার কাছ থেকে আলাদা করার কথা বলে সমালোচিত হয়েছিলেন তিনি।
