বাংলাদেশে গরু পাচারের টাকায় চলছে মমতার তৃণমূল: বিজেপি নেতা
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:০৪ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৮ বুধবার
বাংলাদেশে গরু পাচারসহ দুর্নীতি টাকায় চলছে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস। এমন অভিযোগ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার মালদহ থানার কোর্টস্টেশন এলাকায় যোগদান কর্মসূচিতে এমন অভিযোগ করেন তিনি।
দিলীপ ঘোষ বলেন, ‘কেলেঙ্কারির টাকা বন্ধ হয়ে গেছে, তাই বাংলাদেশে গরু পাচার, বালু মহাল ও কয়লা উত্তোলনের টাকা দিয়ে তৃণমূল কংগ্রেস চলছে। এর প্রতিবাদ করছি আমরা। তাই আমাদের মুখ বন্ধ করার চেষ্টা চলছে, কেস দেওয়া হচ্ছে। যেখানেই আমি সভা করতে যাই সেখানেই আমাকে একটা করে কেস দেওয়া হয়।’
ফের বিস্ফোরক বিজেপি রাজ্য সভাপতি৷ মালদহে দাঁড়িয়ে তৃণমূলকে উদ্দ্যেশ্য করে একের পর এক বোমা ছুঁড়লেন দিলীপ ঘোষ৷ তিনি বলেন রাজ্য জুড়েই বিজেপিকে নিশানা করছে তৃণমূল, এমনই অভিযোগ দিলীপ ঘোষের৷ দাবি, ‘তৃণমূলের সাথে মানুষের কোনও সম্পর্ক নেই, তাই ভোট দিতে দিচ্ছে না৷ পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি। ৪২ শতাংশ মানুষ ভোট দিতে পারল না৷ এটা কি ধরনের গণতন্ত্র?’

সম্প্রতি পশ্চিমবঙ্গে রথযাত্রা করার অনুমতি না পেয়ে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে দ্বন্দ্ব চরমে ওঠেছে। রাজ্যে একাধিক রথ যাত্রা করতে চেয়েছিলো বিজেপি। সেই রথে মোদী-অমিত শাহ সহ যোগী আদিত্যনাথের মতো নেতাদেরকেও চড়াতে আগ্রহী পশ্চিমবঙ্গ বিজেপি।তবে রথের অনুমতি দেয়নি প্রশাসন। আদালতে বিষয়টি ঝুলে রয়েছে।
আইনি জটিলতায় বারবার পেছাতে হচ্ছে বিজেপির রথযাত্রার দিন। এই অবস্থায় সুপ্রিমকোর্টেরও দ্বারস্থ হয়েছে বঙ্গ বিজেপির নেতারা। সর্বোচ্চ আদালতের রায় বিজেপির পক্ষেই যাবে বলে আশাবাদী রাজ্য বিজেপি। এরপর মধ্যেই চলছে কথার লড়াই।
