রোববার   ১৫ মার্চ ২০২৬   ফাল্গুন ৩০ ১৪৩২   ২৬ রমজান ১৪৪৭

মরদেহ দান করতে গিয়েও হাসপাতালে বিড়ম্বনা!

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৫৬ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৮ বুধবার

অঙ্গীকারপত্রে সই থাকা সত্ত্বেও মরদেহ দান করতে গিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরতে হয়েছে মৃতের পরিবারকে। ঘটনাটি ভারতের কলকাতায়। ‍মৃত ওই ব্যক্তির নাম ভোলানাথ কোল।

দেহ দানের আন্দোলনে যুক্ত সংস্থার কর্মীরা সঙ্গে ছিলেন। তবুও হয়রানি থেকে রেহাই না পেয়ে এক পর্যায়ে দেহ দানের সিদ্ধান্ত বদলে ফেলতে চায় মৃতের পরিবার। অনেক ভোগান্তির পর কলকাতার আরজি কর হাসপাতাল দানের দেহ গ্রহণ করেছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভোলানাথ গত জুনে দেহদানের অঙ্গীকারপত্রে সই করেন। গত শনিবার ওই ব্যক্তির মৃত্যুর হয়। পরে তাঁর জামাই সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করেন।

সংস্থার পক্ষে দেবাশিস মাহাতো জানান, এত দূর থেকে দেহ নিয়ে যাওয়া হবে। তাই আগে থেকে ফোন করে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অ্যানাটমি বিভাগের প্রধানের সঙ্গে কথা বলেন। কিন্তু দেহ নিয়ে যাওয়ার পর অ্যানাটমি বিভাগের ওয়ার্ডমাস্টার জানান, তিনি সেটি নেবেন না। কারণ, দেহদানের জন্য ওই হাসপাতালের ফর্ম পূরণ করতে হবে। বাইরের কোনও সংস্থার ফর্ম পূরণ করলে হবে না।

এরপর যোগাযোগ করা হয় সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। কিন্তু তারা জানায়, তাদের মেশিন খারাপ, তাই দেহ নেওয়া যাবে না। পরে ওইদিন রাতে দেহটি নেয় আরজি কর।

দেহ নিয়ে এমন হয়রানি নতুন কিছু নয় বলে জানান ওই সংস্থার প্রতিনিধিরা। দেহ দানের অঙ্গীকারপত্রে সই থাকলে হাসপাতালের ফর্ম পূরণ তৎক্ষণাৎ করে নেওয়া যায়। আসলে এর পেছনেও রয়েছে চতুর্থ শ্রেণির কর্মীদের কাজের প্রতি অনীহা। দেহ নিয়ে গেলে ওষুধ দিয়ে সেটি সংরক্ষণ করতে হয়। বিকেলের পরে চতুর্থ শ্রেণির কিছু কর্মী সেই কাজ করতে চান না বলে অভিযোগ।