মঙ্গলবার   ০৫ মে ২০২৬   বৈশাখ ২১ ১৪৩৩   ১৮ জ্বিলকদ ১৪৪৭

২০ টাকার জন্য অর্ধনগ্ন করে তল্লাশি, কিশোরীর আত্মহত্যা

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৩১ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৮ বুধবার

মাত্র ২০ টাকা চুরির অপবাদ দিয়ে এক কিশোরীকে অর্ধনগ্ন করে তল্লাশি চালানোর অভিযোগ উঠেছে দুই নারীর বিরুদ্ধে।

এ ঘটনায় অপমানিত হয়ে ওই কিশোরী আত্মহত্যা করেছে বলে জানায় তার পরিবার। মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আলিপুরদুয়ার শহরে এই ঘটনা ঘটে।

কিশোরীর পরিবার জানায়, সোমবার মেয়েটির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ হয়। সে পাস করে দশম শ্রেণিতে ওঠে। বাবা-মা কাজে চলে যাওয়ার পরে মেয়েটি কাছেই একটি দোকানে সবজি কিনতে যায়। সবজি কিনে মেয়েটি দোকানদার দুই বোনের হাতে ২০ টাকা দেয়। তার পরও দোকানদাররা বলতে থাকে, মেয়ে টাকা দেয়নি। দুই বোন মিলে তাকে চোর অপবাদ দিয়ে রাস্তার মধ্যে অর্ধনগ্ন করে তল্লাশি চালায়। লজ্জায়, অপমানে মেয়ে দৌড়ে বাড়িতে ফিরে দরজা বন্ধ করে দেয়।

প্রতিবেশীরা জানায়, যে বাড়িতে তারা ভাড়া থাকেন, তার মালিক খবর পেয়ে দোকানদারকে ২০ টাকা দিয়ে দেন। তার পরও তারা বাড়ির দরজায় লাথি মারে।

 

কিশোরীর মা বলেন, আমার মেয়ে লজ্জায় ও অপমানে মানসিকভাবে ভেঙে পড়ে। সন্ধ্যায় সে গায়ে আগুন দেয়। তাকে উদ্ধার করে দ্রুত আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মঙ্গলবার মারা যায়।

বাড়ির মালিক বলেন, কিশোরীর বাবা গাড়িচালক। মা আয়ার কাজ করেন। মেয়েটি খুবই ভাল স্বভাবের। অভিযুক্ত দুই নারী পলাতক রয়েছেন।