রোববার   ১৫ মার্চ ২০২৬   ফাল্গুন ৩০ ১৪৩২   ২৬ রমজান ১৪৪৭

উত্তর কোরিয়াকে ৫০ কোটি ডলার জরিমানা করেছে আমেরিকার ফেডারেল কোর্ট

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:৪২ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৮ বুধবার

উত্তর কোরিয়াকে ৫০ কোটি ডলারেরও বেশি জরিমানা করেছে আমেরিকার এক ফেডারেল কোর্ট। ওটো নামে এক মার্কিন ছাত্রকে কারাগারে রেখে নির্যাতন করে মেরে ফেলার অভিযোগে এ জরিমানা করা হয়। মঙ্গলবার এ রায় ঘোষণা করা হয়।

রায় ঘোষণার পর ওটোর মা সিন্ডি ওয়ার্মবিয়ার বলেন, ‘পৃথিবীতে আজও একটা অশুভ শক্তি, একটা শয়তান আছে। সেটা উত্তর কোরিয়া। ওরাই আমার ছেলেকে মেরেছে। এর বিচার চাই।’

কলম্বিয়া ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জানান, পিয়ংইয়ং যখন ওটোকে আমেরিকার হাতে তুলে দেয়, তরুণ ছাত্র তখন সম্পূর্ণ অথর্ব, অন্ধ, শ্রবণশক্তিহীন। হাসপাতালে পরীক্ষা করে দেখা যায়, এক বছর ধরে ওটো কোমাতেই। মস্তিষ্কের কোষগুলো সব শুকিয়ে গেছে! তারপর এক সপ্তাহও তাকে বাঁচিয়ে রাখা যায়নি।

২০১৬ সালের জানুয়ারিতে বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে উত্তর কোরিয়ায় গিয়েছিলেন ২২ বছরের তরুণ ওটো। সেখানকার এক হোটেল থেকে সরকারি প্রচারমূলক পোস্টার চুরির দায়ে সে বছরই তাকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দেয় পিয়ংইয়ং। কিমের বিরুদ্ধে ষড়যন্ত্রেরও অভিযোগ আনা হয় মার্কিন ছাত্রের বিরুদ্ধে। এর দেড় বছর পরে ওটোকে ‘মানবিক’ কারণে ছেড়ে দেয় কিমের দেশ। জানা যায়, জেলে যাওয়ার পরপরই কোমায় চলে যান ওটো।

এ ঘটনার পর ওয়ার্মবিয়ার পরিবার উত্তর কোরিয়ার বিরুদ্ধে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছিল। এ মামলার রায়ে আদালত বলেন, সামগ্রিক জরিমানা হিসাবে ৪৫ কোটি ডলার দিতে হবে পিয়ংইয়ংকে। আর ওয়ার্মবিয়ার পরিবারকে আলাদাভাবে আর্থিক এবং মানসিক ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে আরও ৫১ কোটি ডলার।