অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় এই শিশুর
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৪৫ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার
বয়স মাত্র আট। তাতে কি? কোনো কিছুই যেন তাকে থামাতে পারছে না। এমনকি অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পবর্তশৃঙ্গ মাউন্ট কোসকিউসজোও পারেনি। এই ছোট্ট বয়সেই হারিয়ে দিলো এই বিশাল পর্বতশৃঙ্গকে। বিস্ময় সৃষ্টিকারী এ শিশুটির নাম সমান্যু পথুরাজু। ভারতের হায়দ্রাবাদ শহরের এ বালক এই বয়সেই পৃথিবীর দু’টি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করেছে। চলতি বছরের ২ এপ্রিল সবচেয়ে কমবয়সী হিসেবে আফ্রিকার কিলিমাঞ্জারো পর্বত চূড়াতেও সফলভাবে আরোহণ করেছে সে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, ৫ সদস্যের একটি দল নিয়ে গেলো ১২ ডিসেম্বর ২ হাজার ২২৮ মিটার উঁচু মাউন্ট কোসকিউসজো জয় করে সে। - খবর এনডিটিভি’র
মাউন্ট কোসকিউসজো জয় করা ৫ সদস্যের এ দলে তার মা ও বোনও ছিলো। মাউন্ট কোসকিউসজো সফলভাবে আরোহণ করার পর সমান্যু পথুরাজু বলে, ‘এরই মধ্যে আমি চারটি পর্বতশৃঙ্গ জয় করেছি। এবার জাপানের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ফুজি জয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। বড় হয়ে আমি বিমানবাহিনীর কর্মকর্তা হতে চাই।’

সমান্যুর পর্বত আরোহণের শখ তৈরি হয় তার স্কুলের এক অনুষ্ঠান থেকে। এরপর সে তার পরিবারকে এ কথা বোঝাতে থাকে। অবশ্য পরিবাররে সদস্যরাও সব সময় তাকে সহযোগিতা করেছে। তার সব অভিযানের সঙ্গী যে তার বোনসহ পরিবারের অন্য সদস্যরা।
তেলাঙ্গানার তাঁত শিল্পকে বিশ্বের কাছে তুলে ধরতে সমান্যু পথুরাজু ও তার দল তাঁতে বোনা পোশাক পরে অভিযানে গিয়েছিল। এ সম্পর্কে সমান্যুর মা বলেন, ‘প্রত্যেকটি পর্বতারোহণের পেছনে আমাদের একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য ছাড়া আমরা অভিযানে নামি না। এ অভিযানের মাধ্যমে আমরা তেলাঙ্গানার তাঁতশিল্পকে বিশ্বের কাছে তুলে ধরেছি।’
