রোববার   ১৫ মার্চ ২০২৬   ফাল্গুন ৩০ ১৪৩২   ২৬ রমজান ১৪৪৭

আইএস জঙ্গি উচ্ছেদে এরদোগানই যথেষ্ট: ট্রাম্প

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৪২ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার

সিরিয়ায় অবশিষ্ট আইএস জঙ্গিদের উচ্ছেদ করতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানই যথেষ্ট বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তুরস্কের প্রেসিডেন্টের বরাত দিয়ে রোববার এক টুইটবার্তায় এ তথ্য জানান তিনি।

ওই বার্তায় ট্রাম্প বলেন, এরদোগান হচ্ছেন এমন একজন মানুষ, যিনি এটি ভালোভাবেই করতে পারবেন। আইএস জঙ্গিদের উচ্ছেদে তুরস্ক বিজয়ের খুব কাছেই অবস্থান করছে।

 

এর আগে এরদোগানের সঙ্গে দীর্ঘ ও ফলপ্রসু ফোনালাপ হয়েছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।

ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা আইএস জঙ্গি ও সিরিয়ায় আমাদের যৌথ সম্পৃক্ততা নিয়ে কথা বলেছি। খুবই ধীরগতিতে এবং সর্বোচ্চ সমন্বয়ের সঙ্গে সেনাদের প্রত্যাহার করে নিয়ে আসা হবে।

এদিকে দুই দেশের মধ্যে বাণিজ্য নিয়েও বিস্তর আলোচনা হয়েছে বলে জানা গেছে। এরদোগানের সঙ্গে আলোচনার পর সিরিয়া থেকে দুই হাজার সেনা প্রত্যাহার করে নেয়ারও ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট।

তার সিদ্ধান্তের পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস ও দায়েশকে হারাতে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত ব্রেট ম্যাকগার্ক পদত্যাগের ঘোষণা দেন।

আলোচনার বিষয়বস্তু সম্পর্কে টুইটারে এরদোগান লেখেন, বেশ কয়েকটি বিষয়ে সমন্বয় বাড়াতে আমরা একমত হয়েছি। বিশেষ করে বাণিজ্যিক সম্পর্ক ও সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

২০১৬ সাল থেকে সিরিয়ায় দুটি সামরিক অভিযান পরিচালনা করে তুরস্ক।