রোববার   ১৫ মার্চ ২০২৬   ফাল্গুন ৩০ ১৪৩২   ২৬ রমজান ১৪৪৭

সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের আদেশে সই করলেন ট্রাম্প

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৩৩ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার মার্কিন সেনাবাহিনীর এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপি’র।

ওই মুখপাত্র জানিয়েছেন, সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে ফোনালাপের পরই পারস্পরিক সম্মতির ভিত্তিতে সেনা প্রত্যাহারের ওই আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প।

 

তিনি আরো জানান, আলোচনা সফল হয়েছে। উভয় দেশের দীর্ঘ আলোচনায় সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি ছিল অন্যতম গুরুত্বপূর্ণ একটি এজেন্ডায়। এতে সেনা প্রত্যাহারের কারণে সিরিয়ায় কোনো ধরনের সমস্যা তৈরি হলে, তা প্রতিহতে যুক্তরাষ্ট্র ও তুরস্ক একযোগে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেছে।

এর আগে গেল ১৯ ডিসেম্বর সিরিয়া থেকে দ্রুত সব সেনা প্রত্যাহারের পরিকল্পনার বিষয়টি গণমাধ্যমকে জানায় মার্কিন প্রতিরক্ষা বিভাগ।

সিএনএন’র এক খবরে বলা হয়েছিল, সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার করা হলেও ইরাকে এ কার্যক্রম অব্যাহত থাকবে। কেননা, ইরাক থেকে চাইলে সিরিয়াতেও আঘাত করা যাবে।

বর্তমানে সিরিয়ার মাটিতে যুক্তরাষ্ট্রের ২ হাজার সৈন্য আছে, যারা স্থানীয় বাহিনীকে আইএস প্রতিরোধে প্রশিক্ষণ দিয়ে থাকে। যুক্তরাষ্ট্রের সহায়তায় কুর্দিদের নেতৃত্বে সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স আইএসের বিরুদ্ধে সম্প্রতি বেশ কিছু সফলতাও পেয়েছে।