নওয়াজ শরিফের ৭ বছরের কারাদণ্ড
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৩০ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার
পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে আল আজিজিয়া স্টিল মিল দুর্নীতি মামলায় ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন পাকিস্তানের একটি আদালত। অন্য এক মামলায় তাকে বেকসুর খালাস দেয়া হয়।
এছাড়াও দুই মামলায় পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর নেতাকে ২৫ মিলিয়ন ডলার এবং দেড় মিলিয়ন পাউন্ড জরিমানা করেছে আদালত।
সোমবার ইসলামাবাদে দেশটির অ্যাকাউন্টিবিলিটি আদালত নওয়াজের বিরুদ্ধে এ রায় দেন। -খবর ডনের।
এদিন পাকিস্তানের রাজধানী ইসলামাদে নওয়াজের বিরুদ্ধে বহুল আলোচিত ফ্ল্যাগশিপ ইনভেস্টমেন্ট ও আল আজিজিয়া স্টিল মিল দুর্নীতি মামলার শুনানি অনুষ্ঠিত হয়।
সোমবার পাকিস্তানের অ্যাকাউন্টিবিলিটি আদালতের রায় শুনানির দিন ধার্য হওয়ায় রোববার লাহোর থেকে ইসলামাবাদে পৌঁছান দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী।
নওয়াজ শরিফের রায় ঘোষণাকে কেন্দ্র করে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। সোমবার সকাল থেকে নওয়াজের দল পিএমএল-এন’র নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে ভিড় করতে শুরু করেন।
রায়ের দিন নওয়াজ শরিফ আদালতে হাজির হলে স্লোগান দেয়া শুরু করেন তার সমর্থকরা। এ সময় তারা পুলিশের ওপর পাথর নিক্ষেপ শুরু করলে টিয়ার গ্যাস ছোঁড়ে পুলিশ।
উল্লেখ্য, চলতি বছরের ৬ জুলাই দুর্নীতির মামলায় তাকে ১০ বছরের কারাদণ্ড দেন আদালত। এছাড়াও মেয়ে মরিয়ম নওয়াজকে ৭ বছরের ও জামাতা সফদরকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়।
পরে ১৩ জুলাই লন্ডনে বসবাসরত নওয়াজ ও তার মেয়ে কুলসুম পাকিস্তানের জাতীয় নির্বাচনের আগে দেশে ফিরে আসেন। কিন্তু নওয়াজ ও মরিয়ম পাকিস্তানে আসলে বিমানবন্দরেই তাদেরকে গ্রেফতার করে লাহোরের আদিয়ালা কারাগারে প্রেরণ করা হয়।
