‘গোটা মধ্যপ্রাচ্য থেকেই মার্কিন সেনা ফিরিয়ে আনা উচিত’
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:২১ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার
সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ও কংগ্রেস সদস্য রন পল। এ প্রেক্ষিতে গোটা মধ্যপ্রাচ্য থেকেই মার্কিন সেনাদের ফিরিয়ে আনা উচিত বলে মন্তব্য করেন তিনি।
সিএনএন’কে দেয়া এক সাক্ষাৎকারে রন পল বলেন, ডোনাল্ড ট্রাম্পের এ সিদ্ধান্ত ‘চমৎকার’। খবর পার্সটুডে’র।
তিনি আরো বলেন, আমি এটাকে কোনো রাজনৈতিক ঘটনা হিসেবে দেখি না, বরং এটা নিতান্তই প্রতিরক্ষা বিষয়ক সিদ্ধান্ত। নির্বাচনী প্রচাণার সময় ট্রাম্প এই কথাই বলেছিলেন। তিনি এটাকে খারাপ যুদ্ধ বলেছিলেন। তিনি সিরিয়া যুদ্ধ থেকে বেরিয়ে আসার কথা বলেছিলেন। আমি মনেকরি, তিনি ভালো কাজ করছেন। এটা চমৎকার একটা সিদ্ধান্ত এবং ট্রাম্প কাজটা শেষ করতে যাচ্ছেন।
এদিকে গেল বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা করেন।
সে সময় তিনি বলেছিলেন, চিরদিনের জন্য সেনারা সিরিয়ায় থাকতে পারে না। তবে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলের কয়েকজন সিনেটর তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে নিন্দা জানিয়েছেন।
তারা বলেন, ট্রাম্পের পাগলামিপূর্ণ সিদ্ধান্তের কারণে সারাবিশ্বে যুক্তরাষ্ট্রের নাগরিকেরা বিপদের মুখে পড়বে। আর রন পল এসব বিরোধিতার বিপরীতে বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ঠিক কাজটিই করেছেন।
