সোমবার   ১৬ মার্চ ২০২৬   চৈত্র ১ ১৪৩২   ২৭ রমজান ১৪৪৭

এন্টার্কটিকায় মার্কিন গবেষণা স্টেশনে ২ কর্মীর মৃত্যু

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:৫৮ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

অ্যান্টার্কটিকায় মার্কিন গবেষণা স্টেশনে রক্ষণাবেক্ষণের কাজ করার সময় দায়িত্বরত দুই টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে। নিকটবর্তী একটি রেডিও ট্রান্সমিটারের জন্য ব্যবহৃত জেনারেটর রাখার ভবনে এ ঘটনা ঘটে।

বুধবার ওই দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন (এনএসএফ)।

মারা যাওয়া ওই দু’জন এনএসএফ পরিচালিত এন্টার্কটিকার ম্যাকমুর্দো স্টেশনে সাবকন্ট্রাক্টর হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তাদের ওই ভবনের মেঝেতে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। খবর রয়টার্সের।

 

খবরে জানানো হয়, ভবনটির কাছ দিয়ে উড়ে যাওয়ার সময় এক হেলিকপ্টার পাইলটের মনে হয়, সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। পরে কৌতুহলবশত কী ঘটেছে, তা দেখতে গিয়ে তাদের ওই অবস্থায় দেখতে পান তিনি।

এক বিবৃতিতে এনএসএফ জানিয়েছে, ঘটনাস্থলে চিকিৎসকদের ডাকা হলে তারা একজনকে মৃত ঘোষণা করেন। অপরজনকে হেলিকপ্টারে করে ম্যাকমুর্দো মেডিকেল ক্লিনিকে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর তাকে মৃত ঘোষণা করা হয়। তারা ফায়ার টেকনিশিয়ান ছিলেন। অজ্ঞান হওয়ার আগে তারা ওই ভবনটির অগ্নি নিরোধক পদ্ধতি রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন।

তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সায়েন্স ফাউন্ডেশন।

এন্টার্কটিকার ম্যাকমুর্দো সাউন্ড এলাকায় ১৯৫৫ সালে গবেষণা স্টেশনটি স্থাপন করে যুক্তরাষ্ট্র। রস দ্বীপের নিউজিল্যান্ডের দাবিকৃত এলাকা রস ডিপেনডেন্সিতে এন্টার্কটিকার সবচেয়ে বড় এই ঘাঁটিটির অবস্থান।