পর্নো তারকার মামলা থেকে খালাস পেলেন ট্রাম্প
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:৫৬ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে করা মানহানির মামলায় হেরে গিয়েছেন পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস। মামলায় পরাজয়ের কারণে এখন তাকে ২ লাখ ৯৩ হাজার ডলার ফেরত দিতে হবে। যুক্তরাষ্ট্রের একজন ডিস্ট্রিক্ট জজ জেমস ওটেরো পর্নো তারকা স্টর্মি ও তার আইনজীবীকে এই নির্দেশ দিয়েছেন।
চলতি বছরের শুরুর দিকে মার্কিন পর্নো তারকা স্টর্মি প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে এই মামলা করেন। প্রথম মামলায় স্টর্মি অভিযোগ করেন, ২০০৬ সালে ট্রাম্প তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন এবং পরবর্তী এক বছর তাঁর সঙ্গে এ সম্পর্ক বজায় রেখেছিলেন তিনি। খবর সিএনএন’র।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প বিজয়ী হবার পর একের পর এক নারী যখন ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনা শুরু করেন, তখন স্টর্মিও মুখ খুলেছিলেন। এ ঘটনার পর ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনের মাধ্যমে স্টর্মির মুখ বন্ধ রাখার চেষ্টাও করেন ট্রাম্প।
মুখ বন্ধ রাখতে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের এক মাস আগে ট্রাম্প তাকে ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার প্রদান করেছিলেন। তবে পরবর্তীতে স্টর্মিকে অর্থ প্রদানের ব্যাপারটি স্বীকার করলেও এর সঙ্গে ট্রাম্প বা তার নির্বাচনী প্রচারণা দলের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছিলেন ট্রাম্পের দীর্ঘদিনের আইনজীবী মাইকেল কোহেন। ট্রাম্প এসব অভিযোগ অস্বীকার করলে স্টর্মির পক্ষ থেকে একটি মানহানির মামলা করা হয়।
মামলা চলাকালীন গত সপ্তাহে ট্রাম্পের বর্তমান আইনজীবী চার্লস হার্ডার আদালতে এই পর্নো তারকার কাছে আইনজীবীর ফি ও অন্যান্য খরচ বাবদ ৭ লাখ ৮০ হাজার ডলার ক্ষতিপূরণ বাবদ ফেরত চান।
এতে শুনানি শেষে আদালত ২ লাখ ৯৩ হাজার ডলার পরিশোধ করার জন্য স্টর্মিকে নির্দেশ প্রদান করেছেন। চার্লস হার্ডার আদালতের এই নির্দেশকে প্রেসিডেন্টের ‘বিজয়’ বলে মন্তব্য করেছেন।
