সোমবার   ১৬ মার্চ ২০২৬   চৈত্র ১ ১৪৩২   ২৭ রমজান ১৪৪৭

বর্ণবাদের অভিযোগে গান্ধীর ভাস্কর্য অপসারণ!

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:৫২ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

বর্ণবাদের অভিযোগ এনে ঘানার ঐতিহ্যবাহী একটি বিশ্ববিদ্যালয় থেকে ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মোহন দাস করম চাঁদ গান্ধী ওরফে মহাত্মা গান্ধীর ভাস্কর্য সরিয়ে ফেলা হয়েছে।

অফ্রিকা মহাদেশের ইউনিভার্সিটি অব ঘানার শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এমন সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিশ্বব্যাপী অহিংস আন্দোলনের নেতা হিসেবে পরিচিত মহাত্মা গান্ধীর ভাস্কর্য দুই বছর আগে আক্রায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উন্মোচন করা হয়। ঘানা ও ভারতের মধ্যে সম্পর্কের সেতুবন্ধ হিসেবে এটি স্থাপন করা হয়েছিল।

 

তবে ভাস্কর্যটি স্থাপনের অল্প সময় পরই ‘আফ্রিকার কৃষ্ণাঙ্গদের প্রতি মহাত্মা গান্ধীর দৃষ্টিভঙ্গি ভালো ছিল না’ এমন অভিযোগ আনে শিক্ষার্থীরা। এটি সরিয়ে ফেলার লক্ষ্যে তারা জনমত গড়ে তোলেন। এরই ধারাবাহিকতায় গেল মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে মহাত্মা গান্ধীর ভাস্কর্যটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে সরিয়ে ফেলা হয়।

বিশ্ববিদ্যালয়ের ওবাদেলে কামবোন নামে এক শিক্ষক বলেন, এই অপসারণটা আত্মমর্যাদার বিষয়। আমরা যদি নিজেদের সম্মান না করি, নিজেদের নায়কদের প্রশংসা না করে যারা আমাদের অসম্মান করেন, তাদের সম্মান করি, তাহলে এটা অবশ্যই একটা বিষয়। অ্যাডিলেইডে নামের এক শিক্ষার্থীও কর্তৃপক্ষের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন।

তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেননি। আর ঘানার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এটা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সিদ্ধান্ত।

প্রসঙ্গত, মহাত্মা গান্ধী ১৮৯৩ থেকে ১৯১৫ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় আইনজীবী হিসেবে কাজ করেছেন।