সোমবার   ০৯ মার্চ ২০২৬   ফাল্গুন ২৪ ১৪৩২   ২০ রমজান ১৪৪৭

আলজেরিয়ায় অব্যাহত বিক্ষোভ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:২৯ পিএম, ১০ এপ্রিল ২০১৯ বুধবার

আলজেরিয়ায় অন্তবর্তীকালীন নতুন প্রেসিডেন্ট নিয়োগ দেয়ার পরও দেশটিতে প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত রয়েছে। এর আগে গণবিক্ষোভের কারণে আলজেরিয়ার দীর্ঘ দিনের প্রেসিডেন্ট আব্দেল আজিজ বৌতেফ্লিকার পদত্যাগ করতে বাধ্য হন।
 
মঙ্গলবারের ঘটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করেছে বলে বৃটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে।

বৌতেফ্লিকার পদত্যাগের দাবিতে টানা কয়েক সপ্তাহ ধরে শান্তিপূর্ণ বিক্ষোভ চলছিল। তবে অনেক বিক্ষোভকারীই রাতারাতি পরিবর্তন চান। ফলে তা সহিংস আকার ধারণ করে।

 

গেল সপ্তাহে প্রেসিডেন্ট বৌতেফ্লিকার পদত্যাগের পর অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেয়া হয় দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষের স্পিকার আব্দেলকাদের বেনসালাহকে। বৌতেফ্লিকার খুব কাছের লোক হিসেবে সুপরিচিত বেনসালাহ।

এদিকে বেনসালাহকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ ঘোষণার পরপরই রাজধানী আলজিয়ার্সের রাজপথে নেমে আসেন বিক্ষোভকারীরা। তবে তিনি আগামী ৯০ দিনের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন।

আলজেরিয়া বিশ্লেষক জেমস ম্যাকডোগাল জানান, ফেব্রুয়ারিতে শুরু হওয়া আন্দোলনে বিক্ষোভকারীরা শুধু বৌতেফিকার পদত্যাগের দাবিতেই সীমাবদ্ধ ছিলেন না। তারা পুরো ব্যবস্থার পরিবর্তন চেয়েছেন। তাদের দাবির মধ্যে ছিল, সাবেক প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সবাইকে দায়িত্ব ছাড়তে হবে।