মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬   ফাল্গুন ২৫ ১৪৩২   ২১ রমজান ১৪৪৭

মোদি দেশকে যে সুনাম এনে দিয়েছেন তা নেহরু-গান্ধীরাও পারেননি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:০২ পিএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি দেশকে যে সম্মান এনে দিয়েছেন তা নেহরু-গান্ধীর মতো নেতারাও পারেননি বলে মন্তব্য করেছেন বরুণ গান্ধী।

রবিবার এক নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন।

এবার উত্তরপ্রদেশের পিলভিট থেকে বিজেপির টিকিটে লড়াই করছেন বরুণ গান্ধী।

 

তিনি সেখানে এক সভায় বলেন, ‘বাজপেয়ী এক সাধারণ পরিবার থেকে উঠে এসেছিলেন। কিন্তু কখনও চরম দারিদ্র কী জিনিস তা দেখেননি। আর মোদি উঠে এসেছেন এক গরিব পরিবার থেকে। সত্যি কথা বলতে কী প্রধানমন্ত্রী হিসেবে মোদি দেশের জন্য যে সুনাম এনে দিয়েছেন তা আমার পরিবারেরও কেউ পারেননি।’

গত পাঁচ বছরে দলের উন্নয়ন কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে বরুণ মোদির সততার প্রসঙ্গ টেনে আনেন। সুলতানপুরের সাংসদ বলেন, ‘গত পাঁচ বছরে মোদি বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ নেই। যার পরিবার বলে কিছুই নেই তিনি দুর্নীতি করবেন কার জন্য! এই মানুষটা দেশের জন্য বেঁচে রয়েছেন। তার প্রধান চিন্তা দেশকে নিয়ে।’

উল্লেখ্য, বরুণ গান্ধী ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আরেক ছেলে সঞ্জয় গান্ধীর ছেলে।

বহুদিন ধরে পিলভিট থেকেই নির্বাচিত হয়ে আসছেন বরুণ গান্ধীর মা মানেকা গান্ধী। এবার সেখানে লড়াই করছেন বরুণ। পিলভিটে ভোট নেওয়া হবে লোকসভা নির্বাচনের তৃতীয় দফায়। আর বরুণের আসন সুলতানপুর থেকে এবার লড়াই করবেন মানেকা গান্ধী।