আইএসবিরোধী জোটের মার্কিন দূত ম্যাকগার্কের পদত্যাগ
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:০২ এএম, ২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিরিয়ায় লড়াইরত মার্কিন সেনাদের প্রত্যাহারের ঘোষণায় পদত্যাগ করেছেন দেশটির আইএসবিরোধী বৈশ্বিক জোটের বিশেষ মার্কিন দূত ব্রেট ম্যাকগার্ক। খবর বিবিসি।
ব্রেট ম্যাকগার্ক আগে জানিয়েছিলেন, তিনি আগামী বছরের ফেব্রুয়ারিতে তার দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর কেবল পদত্যাগের সময়টুকু এগিয়ে আনলেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার আগে ম্যাকগার্ক বলেছিলেন, যুক্তরাষ্ট্র সিরিয়ায় আইএসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।
ট্রাম্পের ঘোষণাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। ম্যাটিস সিরিয়া থেকে সেনা প্রত্যাহার এবং আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের উপস্থিতি কমিয়ে আনার বিরোধিতা করেন। তার পরপরই পদত্যাগের ঘোষণা দিলেন ম্যাকগার্ক।
৪৫ বছর বয়সী অভিজ্ঞ কূটনীতিক ম্যাকগার্ক সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে বর্তমান পদে নিয়োগ পান। চলতি মাসের শুরুতে তিনি সাংবাদিকদের জানান, সিরিয়া ও আফগানিস্তানে স্থিতিশীলতা রক্ষা করতে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। আমরা যদি মনে করি, খিলাফত পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন পরাজিত হয়েছে, সুতরাং আমাদের এখন ফিরে যাওয়া উচিত— এটা হবে অদূরদর্শী সিদ্ধান্ত। আমি মনে করি, যারা এ সংঘাতের দিকে নজর রাখছে তারা আমার সঙ্গে একমত হবেন।
ম্যাকগার্ক তার পদত্যাগপত্রে জানিয়েছেন, আইএস জঙ্গিরা পরাজয়ের কাছাকাছি চলে এলেও এখনো পরাজিত হয়নি। তার মতে, সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের ফলে আবারো আইএসের উত্থান ঘটবে। তার এ পদত্যাগপত্রের খবর প্রকাশ করেছে সংবাদ সংস্থা এপি।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসে ম্যাকগার্কের একটি ইমেইল উদ্ধৃত করা হয়েছে। কর্মকর্তাদের কাছে পাঠানো এ ইমেইলে তিনি জানান, ট্রাম্পের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত আমাদের অবাক করেছে এবং এ সিদ্ধান্ত আমাদের গৃহীত নীতির সম্পূর্ণ বিপরীত। এ সিদ্ধান্ত জোটের অন্য অংশীদারদের বিভ্রান্ত করেছে এবং আমাদের যুদ্ধরত অংশীদারদের হতভম্ব করেছে। আমি নতুন এ নির্দেশনা মানতে অপারগতা প্রকাশ করেছি এবং আমার সততা বজায় রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি।
এদিকে ম্যাকগার্কের পদত্যাগের ঘটনাকে ‘কোনো ঘটনাই নয়’ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত বুধবারে আইএস পরাজিত হয়েছে উল্লেখ করে সিরিয়া থেকে দুই হাজার সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। গত শনিবার ট্রাম্প জোর দিয়ে বলেন, তার সেনা প্রত্যাহারের সিদ্ধান্তটি সঠিক। তিনি জানান, আইএস পরাজিত হয়েছে, এখন অন্যরা এর দায়িত্ব নেবে।
সম্প্রতি প্রকাশিত যুক্তরাষ্ট্রের এক প্রতিবেদনে দেখা গেছে, সিরিয়ায় এখনো ১৪ হাজারের মতো আইএস জঙ্গি রয়েছে, ইরাকে রয়েছে তার চেয়েও বেশি।
