‘সাবমেরিন বিধ্বংসী হেলিকপ্টার’ কিনছে ভারত
আন্তর্জাতিক ডেস্ক:
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:০৩ পিএম, ৪ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার
যুক্তরাষ্ট্র থেকে ‘সাবমেরিন বিধ্বংসী হেলিকপ্টার’ কিনছে ভারত। ‘সাবমেরিন ধ্বংস করতে সক্ষম’ ২৪ এমএইচ-৬০ হেলিকপ্টার ভারতের কাছে বিক্রি করতে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।
ধারণা করা হচ্ছে ভারত মহাসাগরে চীনের আধিপত্য বিস্তার ঠেকাতেই ভারতকে এমন বিধ্বংসী হেলিকপ্টার দেয়া হলো।
সাম্প্রতিক সময়ে চীন ভারত মহাসাগরে নিজেদের আধিপত্য বাড়াতে তৎপর। ঠিক এ সময় দেশটির সাবমেরিনকে টার্গেট করে মিত্র দেশকে শক্তিশালী করছে ওয়াশিংটন। -খবর এক্সপ্রেস ট্রিবিউনের।
এর আগে গত বছরের শেষ দিকে ভারত সাবমেরিন বিধ্বংসী হেলিকপ্টার কিনতে চেয়ে যুক্তরাষ্ট্রের কাছে আবেদন করেছিল। এরপর ২৪টি হেলিকপ্টার ক্রয়ে ভারতকে সবুজ সংকেত দেয়া হয়েছে, যার মূল্য ২৬০ কোটি ডলার।
এমএইচ-৬০আর হেলিকপ্টারকে রোমিও নামেও ডাকা হয়।
খবরে জানানো হয়েছে, এ হেলিকপ্টরগুলো সুমদ্রে জাহাজ ও সাবমেরিন তাড়াতে কাজ করবে। এছাড়া সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধার অভিযানেও অংশ নিতে পারবে হেলিকপ্টারগুলো।
এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারত-মার্কিন কৌশলগত সম্পর্ক জোরদার করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা এই বিক্রয় প্রস্তাব সমর্থন করছে। একটি বড় প্রতিরক্ষা অংশীদার হিসেবে নিরাপত্তা জোরদার করতে ভারতকে এ অস্ত্র সরবরাহ করা হচ্ছে।
