নগ্ন শরীরে ব্রিটিশ পার্লামেন্টে বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক:
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:৫৬ পিএম, ৪ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার
ব্রেক্সিট ইস্যু নিয়ে এমনিতে বড় ধরনের সংকটে রয়েছে ব্রিটিশ পার্লামেন্ট। এর মধ্যেই মরার ওপর খাঁড়ার ঘা হয়ে উদ্ভব হয়েছে দেশটির অন্যতম আদিম উপজাতি।
পার্লামেন্টে গোষ্ঠীর প্রায় ডজনখানেক প্রতিনিধি নগ্ন শরীরে স্লোগান লিখে বিক্ষোভ করেন। এ সময় তারা শরীরে ‘পরিবেশ বাঁচাও’, ‘সবার জন্য ভাবো’ ইত্যাদি নানা স্লোগান লিখে বিক্ষোভে অংশ নেন।
ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট ও মার্কিন সংবাদমাধ্যম সিএনএনে এ নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে।
এতে বলা হয়েছে, ব্রিটিশ পার্লামেন্ট অধিবেশন চলাকালীন উপজাতি নারী-পুরুষরা নগ্ন হয়েই বিক্ষোভ করেন। দেখা যায়, তারা প্রকাশ্যেই নগ্ন হয়ে চিৎকার করছেন। তাদের শরীরে কালো অক্ষরে স্লোগান লেখা রয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ব্রেক্সিট নিয়ে পার্লামেন্টে গুরুত্বপূর্ণ আলোচনা চলাকালীন পাশের ঘরের দিকে নজর যেতেই ব্রিটিশ এমপিদের চোখ আটকে যায়। তারা দেখতে পান, স্বচ্ছ কাচের দেয়ালের অপর দিকে ১১ জন নারী-পুরুষ নগ্ন শরীরে কিছু লিখে বিক্ষোভ করছেন।
নগ্ন হয়ে বিক্ষোভ প্রদর্শন করা প্রতিনিধিদের দাবি, ব্রেক্সিটের চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় পরিবেশ-সংক্রান্ত আলোচনা। তাই পোশাক ছেড়ে তাদের এই সমবেত প্রতিবাদ। তারা পরিবেশ বাঁচানোর কাজে সবাইকে তৎপর করার জন্য এমনই অভিনব পদ্ধতি অবলম্বন করেছেন।
বিক্ষোভকারীদের দাবি, সাধারণভাবেই এই উপজাতিরা সংকটের মুখে রয়েছে। এদের বাসস্থানের উপযুক্ত পরিবেশ ব্যাহত হচ্ছে। কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট এ নিয়ে উদাসীন।
তাদের আশা, পার্লামেন্টের মতো গুরুত্বপূর্ণ স্থানে নারী-পুরুষ নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে দেখে যদি ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র টনক নড়ে!
